বেতন বৃদ্ধির ঘোষণার পরও স্বস্তি নেই শ্রীপুরের শিল্পাঞ্চলে, হামলা-ভাঙচুরে বন্ধ ২০ কারখানা

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : বেতন বৃদ্ধির ঘোষণার পর শ্রমিকেরা কাজে ফিরলেও স্বস্তি ফেরেনি গাজীপুরের শ্রীপুর শিল্পাঞ্চলে। বুধবার (২৫ নভেম্বর) সকালে বিভিন্ন কারখানায় বহিরাগতদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার কারণ দেখিয়ে শ্রীপুর পৌর এলাকার অন্তত ২০টি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

- Advertisement -

সকালে পৌর এলাকার বৈরাগীর চালা, গড়গড়িয়া মাস্টারবাড়ী, কেওয়া পূর্বখণ্ড, বেরাইদের চালা ও আনসার রোডসহ বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে হামলাকারীরা সরে যায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, বেতন বৃদ্ধির ঘোষণার পর বুধবার সকালে শ্রমিকেরা বিভিন্ন কারখানায় কাজে যোগ দেন। এর কিছুক্ষণ পর বৈরাগীর চালা এলাকার হ্যামস গার্মেন্টসে হামলা চালায় একদল বহিরাগত। এ সময় কারখানার প্রধান ফটক ও প্রশাসনিক ভবনে ভাঙচুর করা হয়। এতে কয়েকজন আহত হন।

পরে কেওয়া পূর্বখণ্ড এলাকার নোমান হোম টেক্সটাইল ও ফখরুদ্দিন টেক্সটাইলের প্রধান ফটকেও হামলা চালানো হয়। কারখানার নিরাপত্তাকর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় নোমান টেক্সটাইলে ইটের আঘাতে রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী আহত হন।

হ্যামস গার্মেন্টসের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মাহফুজুর রহমান কারখানায় হামলা ও ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। খোঁজখবর নিয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল আলম বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা কারখানার শ্রমিক নন। কিছু বহিরাগত যুবক বিভিন্ন কারখানার ফটকে গিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করেছে। পুলিশের সতর্ক অবস্থানের কারণে তারা বেশিক্ষণ সেখানে অবস্থান করতে পারেনি।

তিনি আরও বলেন, বর্তমানে শ্রীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যানবাহন চলাচল করছে।

বেতন বৃদ্ধির ঘোষণার পর শ্রমিকেরা কাজে ফিরলেও নতুন করে হামলা ও ভাঙচুরের ঘটনায় শিল্পাঞ্চলের কারখানাগুলোতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় অন্তত ২০টি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ