সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান ও তার ভাই আমিনুর রহমান আমিনসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোরে নগরীর জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেস থেকে তাদের আটক করা হয়।
আটক অন্য দুজন হলেন বদির সহযোগী সিআইপি আব্দুস শুক্কুর ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। আটক শাওন আরমান নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহসভাপতি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর থেকে হোটেলটি ঘিরে রাখেন কোতোয়ালি মডেল থানা ও মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা। পরে রাত পৌনে ১টার দিকে হোটেলে অভিযান শুরু হয়। সেখানে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় যাচাই করতে দীর্ঘ সময় নেয় পুলিশ। প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে বুধবার ভোর ৫টার দিকে চারজনকে আটক করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কক্সবাজার ও ঢাকায় মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলার তথ্য এবং আটকের নির্দেশনার ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিরা সিলেট নগরীতে অবস্থান করছেন এমন তথ্য পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। গ্রেপ্তার এড়াতে তারা বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। এমনকি হোটেলের কক্ষ ভাড়া নিতে নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেছিলেন বলেও জানান তিনি।
ওসি বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। ঢাকা মহানগর পুলিশ ও কক্সবাজার পুলিশের সদস্যরা এসে তাদের জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করবেন।
পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট দুই জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের পর আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

