ঢাকার কেরানীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২০টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় আকাশ হোসেন (২১) ও মো. নাজিম আহমেদ (১৯) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) সকালে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের বামনশুর এলাকায় প্যাসিফিক কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশিচৌকি বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২০টি তাজা ককটেল পাওয়া যায়। পরে অটোরিকশায় থাকা দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আকাশ ও নাজিম কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের সিরাজনগর গ্রামের বাসিন্দা। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তারা কালিন্দী ইউনিয়নের চড়াইল এলাকা থেকে ককটেলগুলো নিয়ে সিরাজনগরের দিকে যাচ্ছিলেন।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, এসআই আব্দুল জলিলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করে। পরে পুলিশের ডিসপোজাল ইউনিট একটি নির্জন এলাকায় নিয়ে সেগুলো ধ্বংস করে।
ওসি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
এদিকে স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, গ্রেপ্তার আকাশ ও নাজিম নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী। তারা একই গ্রামের বাসিন্দা কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানার সহযোগী হিসেবে পরিচিত। বুধবার ঢাকার একটি ফ্ল্যাট থেকে মাসুদ রানাকেও পুলিশ গ্রেপ্তার করেছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।
তবে আকাশ ও নাজিমের কোনো সাংগঠনিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি রুহুল কুদ্দুস। ফলে তাদের রাজনৈতিক পরিচয় এবং মাসুদ রানার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি এখনো স্থানীয় সূত্রের দাবি হিসেবে রয়েছে।
পুলিশের ধারণা, নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো বহন করা হচ্ছিল। তবে এগুলোর উৎস, সরবরাহকারী এবং এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

