চট্টগ্রামে এমপি সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে কাঠের টুকরো নিক্ষেপ

মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম:
spot_img

মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম:চট্টগ্রাম নগরের হালিশহরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে সংসদ সদস্য সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে ধারালো কাঠের টুকরো নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিডিআর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। গাড়ির জানালার কাচ আংশিক তোলা থাকায় অল্পের জন্য রক্ষা পান চট্টগ্রাম-১০ আসনের এই সংসদ সদস্য। তিনি কোনো আঘাত পাননি।

- Advertisement -

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে হালিশহরের বিডিআর মাঠে ‘আবদুল্লাহ আল নোমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের’ ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাঈদ আল নোমান।

খেলার একপর্যায়ে ফাউলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। এতে মাঠের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আয়োজক কমিটি ফাইনাল খেলা স্থগিত ঘোষণা করে। পরিস্থিতির অবনতি হওয়ায় আয়োজকেরা সংসদ সদস্যকে দ্রুত অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে তুলে দেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গাড়িতে বসে সাঈদ আল নোমান একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছিলেন। এ সময় হঠাৎ তাঁর গাড়ি লক্ষ্য করে ধারালো কাঠের একটি টুকরো ছুড়ে মারা হয়। সেটি গাড়ির জানালার কাচে আঘাত করে। কাচ আংশিক তোলা থাকায় টুকরোটি ভেতরে প্রবেশ করতে পারেনি। ফলে অক্ষত থাকেন সংসদ সদস্য।

এ ঘটনার পেছনে রাজনৈতিক বিরোধের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে দাবি করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু। তাঁর অভিযোগ, গত মঙ্গলবার আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সংসদ সদস্য সাঈদ আল নোমানের নেতৃত্বে নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচির জের ধরে একটি পক্ষ তাঁকে লক্ষ্যবস্তু করে থাকতে পারে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি এবং গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।’

তবে গাড়ি লক্ষ্য করে কাঠের টুকরো নিক্ষেপের ঘটনায় কারা জড়িত, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে এবং এর সঙ্গে রাজনৈতিক কোনো বিরোধের সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সর্বশেষ