নাশকতার মামলায় বাদী হতে অস্বীকৃতি, সিএমপির ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত

মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম:
spot_img

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট মুজাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করার অভিযোগে দুই দিন আগে তাঁর বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। বুধবার (২৫ নভেম্বর) বিষয়টি জানাজানি হয়।

- Advertisement -

পুলিশের একটি সূত্র জানায়, একটি নাশকতার মামলায় বাদী হওয়ার জন্য সার্জেন্ট মুজাহিদুল ইসলামকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছিল। তবে তিনি ওই মামলায় বাদী হতে রাজি হননি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও কিছু অভিযোগ রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।

সিএমপি সূত্রে জানা গেছে, মুজাহিদুল ইসলাম ২০১৭ ব্যাচের সার্জেন্ট। তাঁর বাড়ি গোপালগঞ্জে। তিনি সিএমপির বন্দর ট্রাফিক জোনে দায়িত্ব পালন করছিলেন।

সার্জেন্ট মুজাহিদুল ইসলামের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত চৌধুরী। তিনি জানান, এ ঘটনায় তদন্ত চলছে।

তবে নাশকতার মামলায় বাদী হতে অস্বীকৃতি জানানোর অভিযোগসহ তাঁর বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগের বিষয়ে তদন্তের ফলাফল এখনো জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বশেষ