বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সব ধরনের সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সংযম প্রদর্শন এবং আইনের আওতায় শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের আহ্বান জানিয়েছে দেশটি।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র এক প্রশ্নের জবাবে এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘আমরা সব ধরনের সহিংসতার নিন্দা জানাই। আমরা সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশের আইন অনুযায়ী শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অধিকারকে সমর্থন করি।’
অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ দেওয়ার প্রসঙ্গ তুলে এসব হামলার বিষয়ে ওয়াশিংটনের অবস্থান জানতে চেয়েছিল সংশ্লিষ্ট সংবাদমাধ্যম। এর জবাবেই মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের অবস্থান জানায়।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে প্রশ্ন পাঠানোর সময় বাংলাদেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের ৫০টির বেশি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এ ছাড়া চট্টগ্রামে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতেও আগুন দেওয়া হয়। তবে মার্কিন দপ্তরের প্রতিক্রিয়া আসার আগেই হামলা ও ভাঙচুরের শিকার গ্রামীণ ব্যাংকের শাখার সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়।
তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে গ্রামীণ ব্যাংকের শাখা কিংবা অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে হামলার ঘটনা আলাদাভাবে উল্লেখ করা হয়নি। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করেও কোনো বক্তব্য দেয়নি ওয়াশিংটন। বিবৃতিতে মূলত সব ধরনের সহিংসতা বন্ধ, সংযম এবং শান্তিপূর্ণ মতপ্রকাশের অধিকারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
দরিদ্র নারীদের কেন্দ্র করে ক্ষুদ্রঋণ ও আর্থিক সেবা কার্যক্রম পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিতি পেয়েছে গ্রামীণ ব্যাংক। ক্ষুদ্রঋণ কার্যক্রমের পথিকৃৎ হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করে। চলতি বছর প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর পূর্তি হচ্ছে।
সূত্র: ডেইলি ওয়াদা

