সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আব্দুর রহমান আবেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একনলা বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার আব্দুর রহমান আবেদ (২৩) নরসিংদী শহরের গাবতলী এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি গাবতলীর জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসা শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্য, মঙ্গলবার রাতে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশন এলাকায় অবস্থানকালে স্থানীয় লোকজন আবেদকে চিনতে পেরে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে হেফাজতে নেয়। নরসিংদী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার এজাহারনামীয় পলাতক আসামি হওয়ায় তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
পরে আবেদের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে একাধিক আগ্নেয়াস্ত্র ও গুলির ছবি পায় পুলিশ। এসব বিষয়ে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে সঙ্গে নিয়ে শহরের গাবতলী পুরানপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুরানপাড়া ব্রিজের পূর্ব পাশে একটি বিদ্যুতের খুঁটির গোড়ায় ঝোপের ভেতর থেকে তাঁর দেখানো স্থানে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, পিস্তলের পাঁচ রাউন্ড গুলি এবং বন্দুকের চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এদিকে আবেদের গ্রেপ্তারের আগে গত রোববার তাঁর ফেসবুক অ্যাকাউন্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের একটি ভিডিও প্রকাশ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, আবেদ মোবাইল ফোনে ‘নেত্রী’ নামে সংরক্ষিত একটি নম্বরে কল করে শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন। কথোপকথনে তিনি নিজেকে নিষিদ্ধ ঘোষিত নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুর রহমান রিমনের ছোট ভাই পরিচয় দেন। কয়েক দিন আগে নিজের ও এক বন্ধুর নেতৃত্বে নরসিংদী সদরে ছাত্রলীগের মিছিল করার কথাও জানান।
ভিডিওতে আবেদকে বলতে শোনা যায়, তিনি শেখ হাসিনার জন্য জীবন দিতে প্রস্তুত। জবাবে শেখ হাসিনা বলেন, জীবন দিতে হবে না, আগে কাজ করতে হবে, যাতে দুর্বৃত্তদের হাত থেকে মুক্তি পাওয়া যায়। কথোপকথনের একপর্যায়ে আবেদ জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হওয়ার কথাও উল্লেখ করেন। ৫ আগস্টের পর মাদ্রাসাটিতে জামায়াতে ইসলামীর আমিরের একাধিকবার সফরের প্রসঙ্গ তুলে শেখ হাসিনাকে দেশে ফিরে ওই মাদ্রাসা সফরের আমন্ত্রণ জানান। জবাবে শেখ হাসিনা সম্মতি জানান।
পুলিশ জানায়, আবেদ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, মিছিল ও সমাবেশে সক্রিয় ছিলেন। এসব কর্মসূচির ছবি ও ভিডিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল মামুন বলেন, আবেদ তাঁদের থানায় দায়ের করা একটি মামলার পলাতক আসামি। স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তাঁর মোবাইল ফোনে অস্ত্রের ছবি পাওয়ার পর তাঁকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা করা হয়েছে। পরে বুধবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ওসি আরও বলেন, আবেদের মোবাইল ফোনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের ভিডিও পাওয়া গেছে। তিনি কথোপকথনের বিষয়টি স্বীকার করেছেন। তবে ভিডিওটির সত্যতা ও কথোপকথনের বিস্তারিত যাচাইয়ের জন্য তাঁর ব্যবহৃত মোবাইল ফোনগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
অস্ত্র উদ্ধারের ঘটনায় আবেদের বিরুদ্ধে নতুন মামলা হয়েছে। পাশাপাশি ভাইরাল কথোপকথনের ভিডিওটির সত্যতা যাচাই করছে পুলিশ।

