গোপালগঞ্জে বাস থামিয়ে ছাত্রদল নেতাকে নির্যাতন, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :
spot_img

গোপালগঞ্জে চলন্ত বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এক নেতাকে নামিয়ে নিয়ে নির্যাতন ও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। নির্যাতনের শিকার সাব্বির খান বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

- Advertisement -

সাব্বির খান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক। তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন এলাকার কাছাকাছি এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তিনি।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে বৃহস্পতিবার বিকেলে ঢাকার নর্দা থেকে ঈমাদ পরিবহনের একটি বাসে ওঠেন সাব্বির। পথে পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে কথোপকথনে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথা জানান। কিছুক্ষণ পর ওই ব্যক্তি বাসের পেছনে গিয়ে মুঠোফোনে কারও সঙ্গে কথা বলেন। এর পরপরই গোপালগঞ্জের ব্যস্ততম এলাকায় বাসটি থামানো হয়।

সাব্বিরের অভিযোগ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী পরিচয় দেওয়া প্রায় ২০ জনের একটি দল বাসে উঠে তার মোবাইল ফোন তল্লাশি করে। ফোনে ছাত্রদলের বিভিন্ন পোস্ট ও সাংগঠনিক পরিচয় পাওয়ার পর তাকে বাস থেকে নামিয়ে নিয়ে যায়। পরে লাঠিসোঁটা ও অস্ত্রের ভয় দেখিয়ে শারীরিক নির্যাতন চালানো হয় এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, অস্ত্রের মুখে তাকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিতে বাধ্য করা হয়। পরে সেই বক্তব্য ভিডিও করে তার অ্যাকাউন্ট থেকেই প্রকাশ করা হয়।

একপর্যায়ে কৌশলে নির্যাতনকারীদের কাছ থেকে পালিয়ে অন্য একটি বাসে করে রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরে পৌঁছান সাব্বির। খবর পেয়ে জেলা ছাত্রদলের নেতারা শহরের সি অফিস চত্বর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার নিন্দা জানিয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, বাস থামিয়ে একজন ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন, মুক্তিপণ দাবি এবং জোর করে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য প্রচারের ঘটনায় তারা ক্ষুব্ধ। কেন্দ্রীয় নির্দেশনা পেলে হাজারো নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ভিডিও কলের মাধ্যমে সাব্বিরের খোঁজখবর নিয়েছেন। তার চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে জেলা নেতাদের প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন তারা।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, গোপালগঞ্জে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের বিষয়টি পুলিশ জানতে পেরেছে। হাসপাতালে পুলিশ পাঠিয়ে সাব্বিরের কাছ থেকে ঘটনার বিবরণ নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ