চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে আলোচিত সন্ত্রাসী রায়হানকে গ্রেপ্তার করতে টানা চার দিন অভিযান চালিয়েছে পুলিশ। তবে দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি। এ সময় রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তারের পাশাপাশি দুটি আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তলটি রায়হান নিজে ব্যবহার করতেন। অভিযানে তাঁর সহযোগীদের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র তৈরির একটি কারখানারও সন্ধান পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মাসুদ আলম।
পুলিশ জানায়, গত ২২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ছয়জন হলেন মো. এমরান হোসেন মাসুদ (২০), কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. ইকতিয়ার ফরহাদ (২০), মো. মহররম আলী (২৮), জনার্দন দে (৬৫) ও মো. জাবেদ হোসেন (২৫)।
পুলিশ সুপার জানান, সুয়াবিল ইউনিয়নের বেতুয়ারকুল বড় বিল এলাকার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে মহররম আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত মহররম আলীর বাড়িতে অবস্থান করেছিলেন রায়হান। পরে অন্যত্র চলে যাওয়ার সময় নিজের পিস্তল ও গুলি তাঁর কাছে রেখে যান।
এদিকে রায়হানের সহযোগীদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন রায়হান নিজেও। পুলিশের অভিযানকে ‘শাক দিয়ে মাছ ঢাকা’ বলে মন্তব্য করে তিনি দাবি করেন, গ্রেপ্তার ব্যক্তিরা নিরীহ এবং প্রতিহিংসার শিকার। তাঁদের সঙ্গে তাঁর পরিচয় নেই বলেও দাবি করেন তিনি।
রায়হান আরও দাবি করেন, উদ্ধার করা দেশীয় অস্ত্র তিনি ব্যবহার করেন না। তাঁর ভাষায়, ‘বাংলা অস্ত্রে হাত ছিঁড়ে যায়।’ নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে রায়হানের এসব বক্তব্যের বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, অভিযানের শুরুতে রায়হানের দুই সহযোগী এমরান ও সাইদুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর হাজীরখিল কোদালিয়া টিলায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।
তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরাই পুলিশকে জানিয়েছেন, ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তলটি রায়হান ব্যবহার করতেন।
এদিকে রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে নগর ও জেলার বিভিন্ন এলাকায় ফোন করে চাঁদাবাজির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
রায়হানের ফেসবুকে প্রকাশিত একটি অডিওতে অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজকে তাঁকে আত্মসমর্পণের আহ্বান জানাতে শোনা যায়। জবাবে রায়হানকে বলতে শোনা যায়, আত্মসমর্পণ করলে রাজনৈতিক কারণে তাঁর বিরুদ্ধে আরও মামলা হতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এখন আত্মসমর্পণ করলে আট থেকে দশ বছরেও কারাগার থেকে বের হতে পারবেন না।
তবে টানা অভিযানের পরও রায়হানকে গ্রেপ্তার করতে না পারায় তাঁকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে কি না, সে বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়নি।a

