সয়াবিনের দাম আরও বাড়ার কথা ছিল, আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
spot_img

সয়াবিন তেলের দাম নির্ধারণের প্রচলিত পদ্ধতি অনুসরণ করলে প্রতি লিটারের দাম আরও বেশি হওয়ার কথা ছিল। তবে আমদানিকারকদের রাজি করিয়ে বর্তমান দাম বহাল রাখা হয়েছে। এমনকি এ ক্ষেত্রে এক ধরনের জোর প্রয়োগ করতে হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

- Advertisement -

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কেএএফসিওর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভোজ্যতেলের দাম নির্ধারণের বিষয়ে মন্ত্রী বলেন, সয়াবিন ও পাম অয়েল বাংলাদেশে উৎপাদিত হয় না। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের উৎসস্থলে দাম কমলে দেশের বাজারেও তার প্রভাব পড়ে। একইভাবে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশেও এর প্রভাব পড়ে।

তিনি বলেন, প্রচলিত মূল্য নির্ধারণের সূত্র অনুযায়ী সয়াবিন তেলের দাম আরও বেশি হওয়ার কথা। তবে আমদানিকারকদের বর্তমান দামে পণ্য বিক্রিতে রাজি করিয়ে দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এ ক্ষেত্রে অনেকটা জোর করেই তাঁদের সম্মত করা হয়েছে।

তেলের দাম নির্ধারণের হিসাব তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের সিএফআর মূল্য, বন্দরের খরচ, প্রক্রিয়াজাতকরণ ব্যয় এবং অপচয়ের হিসাব বিবেচনায় নিয়ে প্রতি লিটারের মূল্য নির্ধারণ করা হয়। এই হিসাব গোপন কিছু নয়। আগ্রহী সাংবাদিকেরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে মূল্য নির্ধারণের সূত্র সংগ্রহ করে নিজেরাই হিসাব যাচাই করতে পারবেন।

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মজুত পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে বাজারে পণ্যের সরবরাহ স্থিতিশীল রয়েছে। রমজান সামনে রেখেও অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো। এ নিয়ে আপাতত কোনো সমস্যা দেখছেন না তাঁরা।

বাজার স্থিতিশীল রাখার ক্ষেত্রে দুটি বিষয়কে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রথমত, বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ ও প্রাপ্যতা নিশ্চিত করা। দ্বিতীয়ত, পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং মূল্যস্থিতি বজায় রাখা।

এদিকে গোপালগঞ্জে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের লেনদেন বন্ধের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয় ভালো ব্যাখ্যা দিতে পারবে। তবে সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সেখানে অর্থের লেনদেনের ধরন নিয়ে প্রশ্ন উঠেছে। স্বাভাবিক লেনদেনের প্রবাহের সঙ্গে এর মিল না থাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি মনে করেন।

অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব ও কেএএফসিওর চেয়ারম্যান আব্দুন নাসের খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান বাবুল মিঞা, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

এ ছাড়া সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ