সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন ও বডি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক :
spot_img

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও জনবহুল এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সম্ভাব্য বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা।

- Advertisement -

শনিবার (২৮ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৮ প্লাটুন এবং কক্সবাজারে ৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি আরও ৪ প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা কার্যক্রমের আওতায় গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে টহল এবং নজরদারি বাড়ানো হয়েছে। জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধেও সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরে চালু রয়েছে বিশেষ মনিটরিং সেল। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ ও সমন্বয় করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনে বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সর্বশেষ