ঢাকার সাভারে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের মশাল মিছিল ছত্রভঙ্গ করে পাঁচজনকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মিছিলকারীদের ব্যবহৃত একটি বাসও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে শ্রমিক লীগের এক নেতাও রয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রাতে হানিফ সুপার পরিবহনের একটি বাসে করে ১৫ থেকে ২০ জনের একটি দল সাভারের ব্যাংক টাউন এলাকায় আসে। পরে তারা স্বেচ্ছাসেবক লীগের ব্যানার নিয়ে মহাসড়কে মশাল মিছিল শুরু করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় তাঁদের একটি অংশ দৌড়ে বাসে উঠে ঢাকার দিকে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে ফুলবাড়িয়া এলাকায় বাসটির গতিরোধ করে পাঁচজনকে আটক করে।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল। পুলিশ জানিয়েছে, বাসটির মালিকও তিনি এবং মিছিলের সময় নিজেই বাসটি চালাচ্ছিলেন। পরে বাসটি জব্দ করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মশাল মিছিলে ব্যবহৃত বাসটি এর আগেও একাধিক নাশকতার ঘটনায় ব্যবহার করা হয়েছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
তবে আগের ঘটনাগুলোতে বাসটির ব্যবহারের বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।

