জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় মানতে হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক :
spot_img

জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সংবিধান সংশোধনের পরিবর্তে গণভোটের রায় অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এ দাবি বাস্তবায়নের আন্দোলন থেকে জামায়াত কোনো অবস্থাতেই সরে আসবে না।

- Advertisement -

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

গণভোটের রায় উপেক্ষা করা হলে দেশে পুরোনো ফ্যাসিবাদী শক্তির ফিরে আসার সুযোগ তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন জামায়াত আমির। তাঁর ভাষ্য, সরকারপ্রধানের আহ্বান করা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ভিত্তি হতে পারে অভ্যুত্থানের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়ন।

বিএনপির সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, দলটি অতীতের রাজনীতিতে ফিরে না যাওয়ার প্রতিশ্রুতি দিলেও এখন দলীয়করণের পথে হাঁটছে। বিশেষ করে শিক্ষাব্যবস্থায় দলীয় প্রভাব বিস্তারের চেষ্টা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। একটি জাতি দলীয়করণকৃত শিক্ষাব্যবস্থা পেলে সেই শিক্ষার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।

তিনি আরও বলেন, একসময় মজলুম হিসেবে পরিচিত একটি দল গণ-অভ্যুত্থানের পর নিজেদের চরিত্র পরিবর্তন করেছে। এ কারণে জনগণের মধ্যে দলটির প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রসঙ্গে জামায়াত আমির সশস্ত্র বাহিনী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পক্ষে অবস্থান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশীকে বন্ধু হিসেবে দেখতে চায়। তবে পার্শ্ববর্তী একটি দেশের আচরণ বন্ধুত্বপূর্ণ নয়।

আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি অতীতের রাজনীতি পেছনে ফেলে নতুন প্রজন্মকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

অধিবেশনে দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ