হিলি সীমান্তে বিজিবির নজরদারি জোরদার, বসছে সার্চলাইট ও থার্মাল প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদক :
spot_img

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ও সম্ভাব্য নাশকতা ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে টহল, গোয়েন্দা নজরদারি ও তল্লাশি কার্যক্রম বাড়ানোর পাশাপাশি রাতের অন্ধকারে সন্দেহজনক গতিবিধি শনাক্ত করতে সার্চলাইট স্থাপন এবং থার্মাল প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। সীমান্ত পেরিয়ে নাশকতার উদ্দেশ্যে কেউ বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে বিজিবি।

- Advertisement -

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে হিলি সিপি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি বলেন, দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং সন্দেহজনক তৎপরতা ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও তল্লাশি চালানো হচ্ছে। এসব কার্যক্রমে নারকোটিক্স ডগসহ আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।

সেক্টর কমান্ডার বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধরনের তথ্য ও গুজব ছড়িয়ে পড়ার বিষয়েও বিজিবি সতর্ক রয়েছে। সীমান্তে দায়িত্ব পালনরত সদস্যদের প্রস্তুতি, তৎপরতা ও সক্ষমতা ঠিক আছে কি না, তা সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।

নাশকতার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রমের চেষ্টা হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি দিয়ে কর্নেল ফয়সল হাসান খান বলেন, ‘নাশকতার উদ্দেশ্যে কেউ যদি আসতে চায়, এসে দেখুক—বিজিবি প্রতিরোধ করবে।’

তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সদস্যরা সব সময় প্রস্তুত রয়েছেন। তবে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদেরও সহযোগিতা প্রয়োজন। সীমান্ত এলাকায় সন্দেহজনক ব্যক্তি, অস্বাভাবিক চলাচল কিংবা কোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানান তিনি।

এদিকে, রাতের বেলায় সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়াতে সার্চলাইট স্থাপন ও থার্মাল প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিজিবির আশা, এসব প্রযুক্তি চালু হলে অন্ধকারেও সীমান্ত এলাকায় মানুষের চলাচল ও সন্দেহজনক তৎপরতা শনাক্ত করা সহজ হবে।

সীমান্ত পরিদর্শনকালে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ