সিলেটে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

সিলেটে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে নগরীর পাঠানটুলা ও মইয়ারচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (২৮ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

- Advertisement -

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেট মহানগর যুবলীগের ৮ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মো. রাশেদ আলী (৪৬) এবং মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইহতেশাম আহমদ মাআজ (২৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সোয়া ১১টার দিকে জালালাবাদ থানা পুলিশের একটি দল পাঠানটুলা এলাকায় অভিযান চালিয়ে রাশেদ আলীকে গ্রেপ্তার করে। পরে রাত আড়াইটার দিকে একই থানার মইয়ারচর এলাকায় অভিযান চালিয়ে ইহতেশাম আহমদ মাআজকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, রাশেদ আলী ২০২৪ সালের ২২ আগস্ট জালালাবাদ থানায় বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি। অন্যদিকে, ইহতেশাম আহমদ মাআজ চলতি বছরের ২ আগস্ট একই থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হয়েছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (সিটিএসবি ও মিডিয়া) মো. আফজাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ