পাবনা শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা মার্কেটের তৃতীয় তলা থেকে এক নারীসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে শহরের আব্দুল হামিদ সড়কে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ছাত্রদল সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কর্মকাণ্ডের প্রতিবাদে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল। সংগঠনটির সদস্যসচিব সাদ্দাম হোসেনের নেতৃত্বে মিছিলটি শহীদ চত্বর (ট্রাফিক মোড়) প্রদক্ষিণ করে আব্দুল হামিদ সড়ক হয়ে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে পৌঁছায়। এ সময় মিছিল লক্ষ্য করে ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেনের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এর প্রতিবাদে আয়োজিত মিছিলটি মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে পৌঁছালে ভবনের ওপর থেকে ককটেল ছোড়া হয়। হামলাকারীরা মার্কেটের ভেতরে অবস্থান করছে বলে ধারণা করে তারা ঘটনাস্থলে অবস্থান নেন এবং প্রশাসনকে খবর দেন।
পরে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা মুক্তিযোদ্ধা মার্কেটের তৃতীয় তলায় অভিযান চালিয়ে এক নারী ও তিন যুবককে আটক করেন।
সাদ্দাম হোসেন বলেন, দেশকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা বরদাশত করা হবে না। আওয়ামী লীগের কর্মকাণ্ড ও নৈরাজ্য ঠেকাতে প্রশাসনকে কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তবে আটক ব্যক্তিদের পরিচয়, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য এবং ককটেল নিক্ষেপের ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

