আইআরজিসির গুলির মুখে ইরানের আকাশসীমা ছাড়ল মার্কিন যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক :
spot_img

সতর্কতামূলক গুলির মুখে পড়ে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ইরানের আকাশসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার (২৭ নভেম্বর) আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ।

- Advertisement -

আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, সামুদ্রিক নিয়ম লঙ্ঘনকারী কয়েকটি জলযানকে আকাশপথে নিরাপত্তা দেওয়ার সময় একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ইরানের আকাশসীমার কাছাকাছি চলে আসে। এ সময় আইআরজিসির পরিচালিত নতুন ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে বিমানটিকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়া হয়।

বিবৃতিতে দাবি করা হয়, গুলির মুখে যুদ্ধবিমানটি দ্রুত কৌশল পরিবর্তন করে ইরানের আকাশসীমা থেকে সরে যায়। তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্যের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

হরমুজ প্রণালিতে চলাচলের নিয়ম এড়িয়ে যাওয়ার যেকোনো চেষ্টা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। সংস্থাটি বলেছে, এসব বিধিনিষেধ লঙ্ঘন অব্যাহত থাকলে সংশ্লিষ্ট পক্ষ এবং তাদের সহায়তাকারী সামরিক বাহিনীকে আরও বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে।

মার্কিন সামরিক কমান্ডারদের উদ্দেশে দেওয়া সতর্কবার্তায় আইআরজিসি বলেছে, ইরানের আকাশসীমা দেশটির সশস্ত্র বাহিনীর জন্য ‘লাল রেখা’। মার্কিন যুদ্ধবিমানের অনুপ্রবেশ বা এ ধরনের লঙ্ঘন পুনরাবৃত্তি হলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কঠোর জবাব দেওয়া হবে। এ ক্ষেত্রে আগে লক্ষ্যবস্তু হওয়া মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ও ড্রোনের মতো পরিণতি হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর গত ফেব্রুয়ারিতে হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। একই সঙ্গে কৌশলগত এই জলপথ দিয়ে নিরাপদে চলাচলের জন্য ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করার শর্ত দেয় দেশটি।

সূত্র: ফার্স নিউজ

সর্বশেষ