আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক উত্তেজনা ও নৌ অবরোধ ঘিরে পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে হরমুজ প্রণালী থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত সমুদ্রপথ নিজেদের নিয়ন্ত্রণে থাকার দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। এসব জলপথে জাহাজ চলাচল নিরাপদ রাখতে ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করার পরামর্শও দিয়েছে দেশটি।
নৌবাহিনী দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এ দাবি করেন। তিনি জানান, পূর্ব হরমুজ প্রণালী থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত সংশ্লিষ্ট সামুদ্রিক অঞ্চল ও আশপাশের জলসীমায় ইরানের নৌবাহিনী নিয়মিত নজরদারি চালাচ্ছে।
আকরামিনিয়া বলেন, এসব সমুদ্রপথে নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সব জাহাজকে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে চলতে হবে।
ইরানের এ ঘোষণার আগে ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজ অচল করে দেওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল জাহাজটি। এ কারণে সেটির চলাচল বন্ধ করে দেওয়া হয়।
অন্যদিকে, চলতি সপ্তাহের শুরুতে ওমানের খাসাব বন্দরের কাছে দুটি তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জানায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
একের পর এক সামুদ্রিক ঘটনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে কেন্দ্র করে হরমুজ প্রণালী ও আশপাশের জলসীমায় উত্তেজনা বেড়েছে। এর প্রভাব পড়েছে গুরুত্বপূর্ণ এ নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলে। ফলে জাহাজ চলাচলের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থান নতুন করে সামনে এসেছে।
বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা এ প্রণালী দিয়ে বিপুল পরিমাণ তেল ও অন্যান্য পণ্য আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে সামরিক উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: আল জাজিরা

