রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরে পৃথক ঘটনায় একটি বাস ও পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে তিতাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এর আগে ভোরে মোহাম্মদপুরের বসিলা এলাকায় ডিএমপির পশ্চিম পুলিশ লাইন্সের সামনে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) গ্যারেজে রাখা একটি গাড়িতে আগুন দেওয়া হয়।
দুটি ঘটনায়ই যানবাহনের কয়েকটি আসন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে তিতাস পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসটির কয়েকটি আসন পুড়ে যায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে, শনিবার ভোরে মোহাম্মদপুরের বসিলা সড়কের পাশে পশ্চিম পুলিশ লাইন্সের সামনে এসপিবিএনের গাড়ির গ্যারেজে এ ঘটনা ঘটে। সেখানে দুটি গাড়ি রাখা ছিল। এর মধ্যে একটিতে আগুন দেওয়া হয়। এতে গাড়িটির কয়েকটি আসন পুড়ে যায় এবং সেটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম রাত সোয়া ৮টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গ্যারেজের নিরাপত্তায় কয়েকজন পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন। এরপরও দুর্বৃত্তরা একটি গাড়িতে আগুন দেয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তবে পৃথক দুই স্থানে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

