ইসরায়েলের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর রাজনৈতিকভাবে চাপে থাকা তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার প্রতিপক্ষ গাদি আইজেনকোটকে প্রধানমন্ত্রী করে ঐক্য সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। প্রস্তাব অনুযায়ী, নতুন সরকারের প্রথম মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন আইজেনকোট। আর নেতানিয়াহু থাকবেন বিকল্প প্রধানমন্ত্রীর ভূমিকায়।
নিজের দীর্ঘদিনের অবস্থান থেকে সরে এসে নেতানিয়াহুর এমন প্রস্তাব ইসরায়েলের রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। একই সঙ্গে তাঁকে বাদ দিয়ে সরকার গঠনের চেষ্টা করা বিরোধী জোটের মধ্যেও মতপার্থক্য স্পষ্ট হয়েছে।
এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আইজেনকোট প্রথমে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন এবং মেয়াদের শুরুতে তিনি বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। দেশের স্বার্থে প্রধানমন্ত্রী পদের দাবি থেকেও সরে আসতে প্রস্তুত বলে জানান তিনি।
নেতানিয়াহুর প্রস্তাবের পরপরই আলোচনার জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন আইজেনকোট। তিনি নেতানিয়াহু ও তাঁর দল লিকুদকে সরাসরি আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন। রোববার (২৯ নভেম্বর) দুই নেতার মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।
তবে প্রস্তাবটি নিয়ে আইজেনকোটের নেতৃত্বাধীন জোটে মতবিরোধ দেখা দিয়েছে। জোটের নেতা নাফতালি বেনেট সতর্কতার সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার পক্ষে। অন্যদিকে বেনেটের দলের দ্বিতীয় শীর্ষ নেতা ইয়ার লাপিদ এবং ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান নেতানিয়াহুর প্রস্তাবকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তাঁদের আশঙ্কা, আইজেনকোটের নেতৃত্বে নেতানিয়াহুকে বাদ দিয়ে সরকার গঠনের সম্ভাবনা ঠেকাতেই এই প্রস্তাব দিয়েছেন লিকুদ নেতা।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর থেকে নতুন সরকার গঠন নিয়ে আলোচনা চলছে। নির্বাচনে লিকুদ ২৭টি আসন পেয়ে সবচেয়ে বড় দল হলেও আইজেনকোটের ইয়াশার পার্টি পেয়েছে ২১টি আসন।
নির্বাচনের পর নেতানিয়াহুকে বাদ দিয়ে সরকার গঠনের উদ্যোগে অগ্রগতি অর্জন করেছেন আইজেনকোট। ইতোমধ্যে আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু এবং ইয়ার গোলানের ডেমোক্র্যাটস পার্টির সঙ্গে জোট চুক্তি করেছেন তিনি। তবে নাফতালি বেনেটের বিয়াখাদ পার্টির সঙ্গে এখনো সমঝোতা হয়নি।
বেনেটের দলসহ আইজেনকোটের সম্ভাব্য চারদলীয় জোটের আসনসংখ্যা ৪৮। ইসরায়েলের ১২০ সদস্যের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। ফলে সংখ্যাগরিষ্ঠতা পেতে আরও ১৩টি আসনের সমর্থন প্রয়োজন আইজেনকোটের।
এই ঘাটতি পূরণে অতি-ধর্মীয় ইহুদিদের দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) এবং আরব নেতৃত্বাধীন রা’আম পার্টির সমর্থন নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। চ্যানেল ১৩-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতেই সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আইজেনকোট। এ খবর পাওয়ার পরই নেতানিয়াহু নতুন প্রস্তাব দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ঐক্য সরকার গঠনের প্রস্তাব দিলেও প্রথম মেয়াদে নিজেই প্রধানমন্ত্রী থাকার শর্ত দিয়েছিলেন নেতানিয়াহু। এবার সেই অবস্থান থেকে সরে এসে আইজেনকোটকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার কথা বলেছেন তিনি।
নেতানিয়াহু অবশ্য নিজের এ সিদ্ধান্তকে দেশের স্বার্থে রাজনৈতিক ছাড় হিসেবে তুলে ধরেছেন। তাঁর দাবি, আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর সমর্থনে সরকার গঠিত হলে ইসরায়েলের নিরাপত্তা ও অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে। এসব দলের সমর্থনে সরকার গঠনের বিরোধিতা করে তিনি বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রী পদের দাবিও ছেড়ে দিতে প্রস্তুত।
অন্যদিকে আইজেনকোট জানিয়েছেন, লিকুদের সঙ্গে সমঝোতার বিষয়ে তাঁর দল আগেও একাধিকবার উদ্যোগ নিয়েছে। প্রায় তিন সপ্তাহ ধরে আলোচনার চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। এমনকি গত রোববার পাঠানো বিস্তারিত প্রস্তাবেরও জবাব দেয়নি লিকুদ।
শনিবার রাতে হার্জলিয়ার ড্যান অ্যাকাডিয়া হোটেলে লিকুদ নেতাদের প্রতিনিধিদলসহ আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়ে আইজেনকোট বলেন, লিকুদ সত্যিকার অর্থে ঐক্য সরকার গঠন করতে চাইলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের আন্তরিকতা যাচাই করতে তিনি প্রস্তুত।
তিনি আরও বলেন, ইসরায়েলের প্রয়োজন অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে নাগরিকদের মধ্যে ঐক্য। এ লক্ষ্য অর্জনে তিনি রাজনৈতিক মূল্য দিতেও প্রস্তুত।
এদিকে ৮ নভেম্বর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ সরকার গঠনের জন্য আইজেনকোটকে ২৮ দিনের দায়িত্ব দেন। এর আগে নেসেটের ৬৭ সদস্য আইজেনকোটকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন জানিয়েছিলেন। নেতানিয়াহুর পক্ষে সমর্থন ছিল ৪৬ সদস্যের। সাত সদস্যের ইউটিজে কোনো প্রার্থীর নাম সুপারিশ করেনি।
নেতানিয়াহুর নতুন প্রস্তাবে অতি-ধর্মীয় ইহুদিদের দল ইউটিজে ও শাস পার্টিকে ঐক্য সরকারে রাখার কথাও বলা হয়েছে। সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিষয়ে এসব দলের সঙ্গে সমঝোতার আশ্বাস দিয়েছেন তিনি। এই ইস্যুতেই আগের সরকারের সঙ্গে ইউটিজের দূরত্ব তৈরি হয়েছিল।
সব মিলিয়ে ইসরায়েলের সরকার গঠন নিয়ে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে। নেতানিয়াহুর প্রস্তাবে আইজেনকোটের জোট কতটা সাড়া দেয় এবং বিরোধী দলগুলোর মতপার্থক্য কীভাবে কাটে, তার ওপর নির্ভর করছে দেশটির পরবর্তী সরকারের রাজনৈতিক ভবিষ্যৎ।
সূত্র: টাইমস অব ইসরায়েল

