গাজীপুরের কাশিমপুরে সাবেক এক কাউন্সিলরকে গ্রেপ্তারের এক দিন পর তাঁর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে মহানগরীর কাশিমপুর থানার বাড়েন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান মালামাল পুড়ে গেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, একদল দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে প্রথমে বিভিন্ন মালামাল লুট করে। পরে বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের আসবাবপত্র ও অন্যান্য মূল্যবান সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাশিমপুরের ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি। বাড়ির উত্তর পাশের নিচতলার একটি জানালার লক ভাঙা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই জানালা দিয়ে কেউ ঘরে প্রবেশ করে আগুন লাগিয়ে থাকতে পারে।
কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল হক বলেন, আগুনের সূত্রপাতের বিষয়ে প্রাথমিক পর্যবেক্ষণে বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত মেলেনি। বাড়ির একটি জানালার লক ভাঙা পাওয়া গেছে। বিষয়টি তদন্তসাপেক্ষ।
এদিকে, বাড়ির মালিক সাইজুউদ্দিন মোল্লা গাজীপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাশিমপুর থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে কাশিমপুর থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। এর এক দিন পরই তাঁর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হাসান বলেন, সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
ঘটনার কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং লুটপাটের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

