গ্রামবাসীর তাড়ায় মারাই গেল বিলুপ্তপ্রায় নীলগাইটি

spot_img

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক :: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গ্রামবাসীর তাড়া খেয়ে বিলুপ্তপ্রায় একটি নীলগাইয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের মুক্তারবস্তি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রাণীশংকৈল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মদন কুমার রায়।

এলাকাবাসীর বরাত দিয়ে মদন কুমার রায় বলেন, ধর্মগড় সীমান্ত এলাকার কাঁটাতার পেরিয়ে নীলগাইটি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। কয়েকদিন ধরে নীলগাইটি রাণীশংকৈলের মুক্তারবস্তি এলাকায় ঘোরাঘুরি করছিল। আজ দুপুর ১২টার দিকে গ্রামবাসীর নজরে আসে বিলুপ্তপ্রায় নীলগাইটি। পরে তারা ওই নীলগাইটিকে ধরার চেষ্টা করে। গ্রামবাসীর ধাওয়া খেয়ে এক পর্যায়ে প্রাণ বাঁচাতে নীলগাইটি স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলামের নির্মাণাধীন বাড়ির ভেতরে আশ্রয় নেয়। এরপর লোকজন বাড়ির চারদিক ঘিরে ফেললে নীলগাইটি ঘরের জানলা দিয়ে লাফিয়ে পালাতে গেলে আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে যায়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, খবর পেয়ে ঠাকুরগাঁও প্রাণিসম্পদ বিভাগের ওই এলাকার লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) আকবর আলী ঘটনাস্থলে ছুটে যান। তিনিসহ গ্রামের লোকজন নীলগাইটিকে সুস্থ করে তুলতে বাতাস ও মাথায় পানি দিতে শুরু করে। এরমধ্যে নীলগাইটি মারা যায়। প্রাণীটি ধূসর রঙের পুরুষ প্রজাতির। প্রাথমিকভাবে ধারণা করছি হার্ট অ্যাটাক করে নীলগাইটির মৃত্যু হয়েছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে রাণীশংকৈলের সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা বলেন, গ্রামবাসীর ধাওয়া খেয়ে ক্লান্ত হয়ে পড়েছিল নীলগাইটি। পরে জানালা দিয়ে লাফিয়ে পালাতে গেলে আঘাতপ্রাপ্ত হয়, এরপর নীলগাইটি মারা যায়। নীলগাইটিকে জীবিত উদ্ধার করা গেলে ভালো লাগত। কিন্তু আমরা বিলুপ্তপ্রায় নীলগাইটিকে জীবিত উদ্ধার করতে পারিনি। পরে ঠাকুরগাঁও বনবিভাগের কর্মকর্তারে সঙ্গে কথা বলে বিকেলে নীলগাইটিকে ওই গ্রামে মাটিচাপা দেওয়া হয়েছে।

গাই হিসেবে পরিচিত হলেও নীলগাই কখনোই গরুশ্রেণির নয়; বরং এটি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হরিণবিশেষ প্রাণী। যার বৈজ্ঞানিক নাম boselaphus tragocamelus। শত বছর আগে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় নীলগাই দেখা যেত। দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের মাঠে-ঘাটে একসময় নীলগাইয়ের দেখা মিলত। এখন আর দেখা যায় না। গত ২৩ ফেব্রæয়ারি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার শৌলা দোগাছি এলাকায় জবাই করার সময় গ্রামবাসীর হাত থেকে একটি নীলগাই উদ্ধার হয়েছিল। এর আগে ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের যদুয়ার গ্রামে আরকটি নীলগাই ধরা পড়েছিল।

সর্বশেষ