spot_imgspot_img
spot_imgspot_img

অন্যদের বাঁচাতে গিয়ে নিখোঁজ সঞ্জয়, ৯ দিন পর মিলল সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের নুয়াকোটে আকস্মিক পাহাড়ি ঢল ও ভূমিধসের পর জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে নয় দিন আটকে থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন সঞ্জয় সাহ। তাঁর সঙ্গে একই দিনে আরও এক শ্রমিককে নিরাপদে উদ্ধার করেছেন উদ্ধারকারীরা।

- Advertisement -

নেপাল-তিব্বত সীমান্তসংলগ্ন এলাকায় গত ২৬ আগস্ট আকস্মিক পাহাড়ি ঢল ও ভূমিধস আঘাত হানে। ওই সময় নুয়াকোটের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের নিয়ন্ত্রণকক্ষে কর্মরত ছিলেন মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় সাহ। বিপদের মুহূর্তে নিজের নিরাপত্তার কথা না ভেবে তিনি প্রথমে অন্য শ্রমিকদের সুড়ঙ্গ থেকে বের করে নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ করে দেওয়ার চেষ্টা করেন।

উদ্ধারের পর নেপালি সেনাবাহিনীর চিকিৎসক দলের সদস্যদের কাছে নিজের অভিজ্ঞতার কথা জানান সঞ্জয়। তিনি বলেন, দুর্ঘটনার সময় নিয়ন্ত্রণকক্ষে ছিলেন তিনি। বিপদ বুঝতে পেরে সেখানে থাকা শ্রমিকদের দ্রুত বাইরে বের হয়ে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দিচ্ছিলেন।

সঞ্জয়ের ভাষ্য, অন্যদের নিরাপদে বের করে দেওয়ার চেষ্টা করতে গিয়ে তাঁর নিজের বের হওয়ার সময় ফুরিয়ে যায়। শেষ পর্যন্ত তিনি আর সুড়ঙ্গ থেকে বের হতে পারেননি এবং ভেতরেই আটকা পড়েন।

সুড়ঙ্গে আটকে থাকার সময় কয়েকজন শ্রমিকের সঙ্গে শব্দ ও কথাবার্তার মাধ্যমে যোগাযোগ করতে পেরেছিলেন বলেও জানান তিনি। নিজের আশপাশে তিন থেকে চারজন শ্রমিকের উপস্থিতি টের পেয়েছিলেন সঞ্জয়। তবে সুড়ঙ্গের আরও গভীরে, বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আশপাশে আরও শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন তিনি।

সঞ্জয় বলেন, সুড়ঙ্গটি অনেক দীর্ঘ হওয়ায় সেখানে থাকা সবাই সময়মতো বের হতে পেরেছেন কি না, তা নিশ্চিত হওয়া কঠিন। প্রবল স্রোতের পানিতে কেউ কেউ সুড়ঙ্গের আরও গভীরে ভেসে গিয়ে থাকতে পারেন বলেও ধারণা তাঁর।

নয় দিন অন্ধকার সুড়ঙ্গের ভেতরে আটকে থাকার সময় উদ্ধারের আশায় ঈশ্বরকে স্মরণ করেছেন সঞ্জয়। দীর্ঘ প্রতীক্ষার পর জীবিত অবস্থায় তাঁকে উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীরা।

সঞ্জয়ের পাশাপাশি একই দিনে কাঠমান্ডুর বাসিন্দা কবির মহারজন নামের আরও এক কর্মীকেও জীবিত ও নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়েছে। দুজনকে উদ্ধারের পর স্বস্তি ফিরলেও সুড়ঙ্গের ভেতরে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা জানতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ