দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল-মার্কেট

নিজস্ব প্রতিবেদক
spot_img

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলার সময় বাড়ানো হয়েছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ।

- Advertisement -

সম্প্রতি জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ক্রেতাদের কেনাকাটার সুবিধার্থে আগামী ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানগুলো রাত ১০টা পর্যন্ত চালু রাখা যাবে।

নির্দেশনা অনুযায়ী, ওই সময় পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। ফলে পূজার কেনাকাটায় ক্রেতারা স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত দুই ঘণ্টা সময় পাবেন।

তবে ২২ অক্টোবরের পর থেকে আবার আগের সময়সূচি কার্যকর হবে। অর্থাৎ ২৩ অক্টোবর ২০২৬ থেকে শপিংমল, মার্কেট ও দোকানগুলো বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

দুর্গাপূজাকে সামনে রেখে কেনাকাটার ব্যস্ততা বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সাময়িকভাবে ব্যবসাপ্রতিষ্ঠান খোলার সময় বাড়ানো হয়েছে বলে নির্দেশনা থেকে জানা গেছে। নির্ধারিত সময় শেষ হওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগের সময়সূচি অনুসরণ করতে হবে।

সর্বশেষ