৬ দিনের জন্য বন্ধ থাকবে ১৯ ব্যাংকের কার্ড ও অন্যান্য সেবা

নিজস্ব প্রতিবেদক
spot_img

প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও ব্যাংকিং সেবার নিরাপত্তা জোরদারে সিস্টেম উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ চলছে দেশের বেশ কয়েকটি ব্যাংকে। এ কারণে নির্ধারিত সময়ের জন্য কার্ড, এটিএম, পিওএস ও অন্যান্য প্রযুক্তিনির্ভর কিছু ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

- Advertisement -

সম্প্রতি গ্রাহকদের উদ্দেশে দেওয়া পৃথক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে ১৯টি ব্যাংক। ব্যাংকগুলোর মধ্যে রয়েছে—ব্যাংক এশিয়া, বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এনসিসি ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও উত্তরা ব্যাংক।

ব্যাংকগুলোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ ও সিস্টেম উন্নয়নের কাজ শেষ করার জন্য কিছু সেবা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার করা যাবে না। বিশেষ করে কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশন কার্যক্রমের কারণে কয়েকটি ব্যাংকের কার্ড ও লেনদেনসেবা সাময়িকভাবে ব্যাহত হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশন কার্যক্রম শুরু হবে ৪ অক্টোবর রাত ৯টা থেকে। এ কার্যক্রম চলবে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত। এ সময়ে সংশ্লিষ্ট ব্যাংকের নির্দিষ্ট কার্ড ও লেনদেনসেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

ব্যাংকগুলো জানিয়েছে, প্রযুক্তিগত কাজ সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সেবাগুলো স্বাভাবিক নিয়মে চালু হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে কার্ড বা সংশ্লিষ্ট প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের বিষয়টি বিবেচনায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ