বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা করছে টয়োটা তুশো করপোরেশন। আগামী ২০২৭ সালে দেশের একটি অর্থনৈতিক অঞ্চলে হাইব্রিড বৈদ্যুতিক গাড়ি (এইচইভি) উৎপাদন শিল্প গড়ে তোলার কাজ শুরুর পরিকল্পনার কথাও প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ২০২৯ সালের মধ্যে সেখানে পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার লক্ষ্য রয়েছে তাদের।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে টয়োটা তুশো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় বাংলাদেশে টয়োটার কার্যক্রম সম্প্রসারণ, নতুন বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে টয়োটা তুশোর প্রতিনিধিরা জানান, বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়নের প্রসার, প্রযুক্তি স্থানান্তর এবং দক্ষ জনবল তৈরিতে ভূমিকা রাখতে চান তারা।
টয়োটার বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা, অবকাঠামো ও অন্যান্য সুযোগ নিশ্চিত করার কথাও জানান তিনি।
‘বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জন্য’
বৈঠকে জানানো হয়, ২০২৭ সালে বাংলাদেশের একটি অর্থনৈতিক অঞ্চলে টয়োটা বাংলাদেশের উদ্যোগে হাইব্রিড বৈদ্যুতিক গাড়ি উৎপাদন শিল্প স্থাপনের কাজ শুরু হবে। ‘বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জন্য’ উন্নয়ন দর্শনকে সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। ২০২৯ সালের মধ্যে পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
একই সঙ্গে দেশের সব বিভাগীয় শহরে টয়োটা বাংলাদেশের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ এগিয়ে চলছে বলে প্রতিনিধিরা জানান। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে টয়োটার গাড়ি ও সেবা আরও সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।
বর্জ্য থেকে বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানিতেও আগ্রহ
বৈঠকে বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এসব খাতে টয়োটা তুশো বিনিয়োগে আগ্রহ দেখালে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলে জানান তিনি।
এ ছাড়া বাংলাদেশের তরুণদের কারিগরি ও পেশাগত দক্ষতা বাড়াতে মানবসম্পদ উন্নয়ন কর্মসূচিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে টয়োটা বাংলাদেশ। ভবিষ্যতের শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল গড়ে তুলতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন নিয়ে বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টয়োটা তুশো করপোরেশনের মোবিলিটি ডিভিশনের সিইও শিগেরু হারাদা, টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট প্রেমমিত সিংসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

