বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে তথ্য যাচাই করে নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
শনিবার (১০ অক্টোবর) ঢাকায় প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি তৈরি এবং সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে বলে প্রতীয়মান হয়।
এ ধরনের অপপ্রচারের বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানিয়ে আইএসপিআর বলেছে, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যে প্রভাবিত হওয়া থেকে বিরত থাকতে হবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ঐক্যবদ্ধ রয়েছে। দেশের নিরাপত্তা ও জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালনে সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।
সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধানকে নিয়ে কোনো তথ্য জানার ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যাচাইহীন খবরের ওপর নির্ভর না করে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য সূত্র অনুসরণ করার আহ্বান জানিয়েছে আইএসপিআর।

