হরমুজ প্রণালিতে মাইনে আঘাত, তেলবাহী সুপারট্যাংকারে বিস্ফোরণের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক :
spot_img

হরমুজ প্রণালি দিয়ে অননুমোদিত পথে বের হওয়ার চেষ্টা করার সময় সাগরে পেতে রাখা মাইনে আঘাত লেগে একটি অপরিশোধিত তেলবাহী সুপারট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে জাহাজটির নাম, মালিকানা কিংবা অন্য কোনো পরিচয় প্রকাশ করেনি ইরানি বাহিনী।

- Advertisement -

শনিবার দেওয়া এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, ট্যাংকারটি চলাচলের সময় নিজস্ব অবস্থান শনাক্ত করার নেভিগেশন ও অবস্থান নির্ধারণব্যবস্থা বন্ধ রেখেছিল। তবে বিস্ফোরণের ঘটনায় জাহাজটির ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের নির্দেশনা অনুসরণকারী জাহাজ পরিচালনাকারী কোম্পানিগুলোকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছিল আইআরজিসি। একই সঙ্গে তেহরানের বিবেচনায় অননুমোদিত নৌপথ ব্যবহারকারী জাহাজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেয় ইরান।

এদিকে হরমুজ প্রণালির আশপাশে জাহাজ চলাচল ঘিরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত এই জলপথের কাছাকাছি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে হামলা, হামলার চেষ্টা কিংবা হয়রানির অন্তত ১২টি ঘটনা ঘটেছে। সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে সংবাদ সংস্থাটি।

নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রভাব পড়েছে প্রণালির জাহাজ চলাচলেও। রয়টার্সের উদ্ধৃত কেপলারের তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর হরমুজ প্রণালি অতিক্রম করেছে মাত্র সাতটি পণ্যবাহী জাহাজ। গত ২৩ জুলাইয়ের পর এক দিনে এটাই ছিল সবচেয়ে কম জাহাজ চলাচলের ঘটনা।

একই সঙ্গে কমেছে এই নৌপথ দিয়ে অপরিশোধিত তেল পরিবহনের পরিমাণ। যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় তেল পরিবহন প্রায় ২৬ শতাংশ কমে দৈনিক প্রায় ১ কোটি ১০ লাখ ব্যারেলে নেমেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়া এবং ধারাবাহিক নিরাপত্তা-সংকট আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

সূত্র: শাফাক নিউজ, রয়টার্স

সর্বশেষ