উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারি বরাদ্দের প্রতিটি পয়সা দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে ব্যয় করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রকল্পের অর্থ ব্যবহারে সতর্কতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।
সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু সভার বিষয়টি জানান।
সভায় প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন প্রকল্পের লক্ষ্যমাত্রা অর্জনে সরকার প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেবে। তবে সেই অর্থ জনগণের। তাই বরাদ্দ করা অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থ রক্ষা এবং মানুষের কল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে কর্মকর্তাদের বিশেষভাবে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সরকারি দায়িত্ব পালনের সুযোগকে জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিপুল জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা বিশেষ সুযোগ ও সুবিধা ভোগ করেন। এই অবস্থানকে দেশের মানুষের কল্যাণে কাজে লাগানো সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, দেশ ও জনগণের জন্য কাজ করার সুযোগ সবার জীবনে সব সময় আসে না। তাই যার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, সেই দায়িত্ব আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ অবদান রাখার মানসিকতা নিয়ে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব পালনের জন্য যত দিন সুযোগ রয়েছে, তত দিন সেই সুযোগের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকারি দায়িত্বকে কেবল দাপ্তরিক কাজ হিসেবে না দেখে দেশের উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখার সুযোগ হিসেবে বিবেচনা করতে হবে।
সভা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী আবারও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। দেশের সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে সরকারি কার্যক্রমের প্রতিটি পর্যায়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, সভায় কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মাঠপর্যায়ে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও বাস্তব পরিস্থিতি সম্পর্কে তাঁদের মূল্যায়ন সরকারের নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।
এ ছাড়া মন্ত্রণালয়ের কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে ভবিষ্যতে আবারও পর্যালোচনা সভা আয়োজনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। পরবর্তী সভাগুলোতে কর্মকর্তারা তাঁদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও মতামত আরও খোলামেলাভাবে তুলে ধরবেন বলে প্রত্যাশা করেন তিনি।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

