সাংবাদিকদের অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক
spot_img

চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতনকাঠামো ও পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণমাধ্যমকর্মীদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করা না গেলে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা কঠিন।

- Advertisement -

রোববার (১১ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম, ঢাকার ৪৪ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। সংগঠনটির সভাপতি মানিক মুনতাসির ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

রাষ্ট্রপতি বলেন, সাংবাদিকদের যথাযথ কল্যাণ ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে না পারা সমাজের জন্য দুর্ভাগ্যজনক। পেশাগত স্বার্থ রক্ষায় সব ধরনের বিভাজন ভুলে গণমাধ্যমকর্মীদের একসঙ্গে কাজ করতে হবে।

সত্য প্রকাশে নির্ভীক হওয়ার আহ্বান

রাষ্ট্র ও সমাজের কল্যাণে সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, সত্য প্রকাশে সাংবাদিকদের নির্ভীক ও দায়িত্বশীল থাকতে হবে। অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের ঘটনা জনসমক্ষে তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, অপসাংবাদিকতা, অপতথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে মূলধারার গণমাধ্যম এবং পেশাদার সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

ঠাকুরগাঁওকে মাদক ও সাম্প্রদায়িকতামুক্ত রাখার প্রত্যয়

ঢাকায় কর্মরত ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নিজের জন্মভূমির প্রতি ভালোবাসা ও মমত্বের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘আমি যে শিকড় থেকে এসেছি, যে শিকড় থেকে আমার বেড়ে ওঠা, সেই শিকড়কে আমি ধরে রাখতে চাই।’

ঠাকুরগাঁওকে সাম্প্রদায়িকতা ও মাদকমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করে এ লক্ষ্য অর্জনে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা চান তিনি।

রাষ্ট্রপতি বিভিন্ন জাতীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় ফোরামের সদস্যদের অভিনন্দন জানান। দেশ ও ঠাকুরগাঁওয়ের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে পাশে থাকায় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই সঙ্গে জেলার উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সচেতন থাকা এবং ঠাকুরগাঁওয়ের সাফল্য ও অর্জন জাতীয় পর্যায়ে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের সমস্যার কথা শুনলেন রাষ্ট্রপতি

সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতারা রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তাঁরা সাংবাদিকদের পেশাগত বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করতে সরকারের সহযোগিতা কামনা করেন।

এ ছাড়া সংগঠনের স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠা এবং গুরুতর অসুস্থ সদস্যদের জরুরি চিকিৎসার বিষয়েও রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।

জবাবে রাষ্ট্রপতি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং সংগঠনটির সমৃদ্ধি ও সদস্যদের সার্বিক কল্যাণ কামনা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

সর্বশেষ