নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাতে নাটোর শহরের নিচাবাজার এলাকার কাপড়িয়া পট্টির একটি কাপড়ের দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।
নাটোর সদর মডেল থানা পুলিশ ল্যাপটপ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তিতুমীর এক্সপ্রেস ট্রেনে নওগাঁ যাওয়ার পথে নাটোর শহরের কাপড়িয়া পট্টি এলাকার বাসিন্দা অমল কুমার সাহা ট্রেনের একটি আসনের নিচে ল্যাপটপটি পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি তাঁর ছেলে অন্তর কুমার সাহাকে জানান। বাবা-ছেলে আলোচনা করে পুলিশকে খবর দেন। পাশাপাশি জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের সঙ্গেও যোগাযোগ করেন অন্তর।
ল্যাপটপ ফিরে পাওয়ার খবরে স্বস্তি প্রকাশ করেছেন ক্রিল ল্যান্ডার। তিনি বলেন, ‘অবশেষে আমার ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। আমি খুব খুশি। রোববার রাতেই আমার ঢাকা ছেড়ে যাওয়ার পরিকল্পনা ছিল। এখন ভাবছি, আগামীকাল ল্যাপটপ নিয়ে তারপর যাব।’
এর আগে গত ৭ অক্টোবর বগুড়ার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন শেষে সান্তাহার হয়ে ট্রেনে নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছান জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার। সেখানে হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তাঁর সঙ্গে পরিচিত হন। একপর্যায়ে তাঁদের মধ্যে সখ্য গড়ে ওঠে।
পরে এটিএম বুথ থেকে টাকা তুলতে যাওয়ার সময় নিজের ব্যাগটি ওই যুবকের কাছে রেখে যান ক্রিল। ফিরে এসে ব্যাগসহ ওই যুবককে আর খুঁজে পাননি তিনি। ব্যাগটিতে একটি ল্যাপটপ, ক্যামেরাসহ বেশ কিছু মূল্যবান জিনিস ছিল।
ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। স্টেশনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হয়। ফুটেজে দেখা যায়, হলুদ রঙের কটি পরা এক যুবক কৌশলে পর্যটকের সঙ্গে সখ্য গড়ে তোলেন। পরে সুযোগ বুঝে নিজের কটি খুলে চুরি করা ব্যাগটি তার ভেতরে লুকিয়ে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যান।
তবে উদ্ধার হওয়া ল্যাপটপটি কীভাবে ট্রেনের আসনের নিচে এল, সেটি চুরির ঘটনার সঙ্গে কীভাবে যুক্ত এবং ব্যাগের অন্য জিনিসপত্রের কী হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

