ঢাকার সাভারে গোপনে বাংলা মদ তৈরির অভিযোগে একটি ভবনে অভিযান চালিয়ে এক চীনা নাগরিক ও এক বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ১৫ লিটার তৈরি বাংলা মদ এবং মদ উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি এলাকার গ্রিন টাওয়ার নামের ১০ তলা ভবনের চতুর্থ তলায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চীনা নাগরিক লি ডাম্পে (৫৩) এবং বাংলাদেশি নারী চম্পা বেগম (৩৫)। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রিন টাওয়ারের একটি ফ্ল্যাটে গোপনে বাংলা মদ তৈরি করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে সেখানে অভিযান চালানো হয়। পরে ভবনটির চতুর্থ তলায় তল্লাশি চালিয়ে মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম ও ১৫ লিটার প্রস্তুত করা বাংলা মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে এক চীনা নাগরিক ও এক বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করা হয়।
ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদ জানান, অভিযান চালিয়ে বাংলা মদ ও তা তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন বিদেশি নাগরিক রয়েছেন। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তবে ওই ভবনে কত দিন ধরে মদ তৈরি করা হচ্ছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

