ছাত্রদের আত্মত্যাগের কারণেই তারেক রহমান দেশে ফিরতে পেরেছেন: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক :
spot_img

ছাত্রদের আত্মত্যাগের কারণেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরতে পেরেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতার মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, দেশে স্বৈরাচার ও চাঁদাবাজরা একত্র হয়ে দেশকে ধ্বংসের পরিকল্পনা করছে।

- Advertisement -

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এনসিপির জেলা শাখা আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয় প্রভাব, চাকরিতে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগ ও বিএনপিকে ঘিরে নাহিদের অভিযোগ

নাহিদ ইসলাম বলেন, দেশের বাইরে আওয়ামী লীগ এবং দেশের ভেতরে বিএনপির কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ স্বস্তিতে নেই। আগে যারা অর্থ পাচারের সঙ্গে জড়িত ছিলেন, তাদের জায়গায় এখন নতুন ব্যক্তিরা আসছেন বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির ভেতরে থাকা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, দলের মধ্যে এমন ব্যক্তিদের চিহ্নিত করে বহিষ্কার করতে হবে। অন্যথায় তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে।

তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক অঙ্গনে দুর্নীতি ও অনিয়মের কারণে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে না। জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে জবাবদিহির আওতায় আনার ওপরও গুরুত্ব দেন তিনি।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, গ্যাসের দামসহ বিভিন্ন পণ্যের মূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বাজারে বিভিন্ন স্তরে সিন্ডিকেট গড়ে ওঠায় দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বাড়ছে বলে তিনি মন্তব্য করেন।

তাঁর অভিযোগ, মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষকে প্রতিনিয়ত সংকটের মুখে পড়তে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারছে না বলেও দাবি করেন তিনি।

প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, বিএনপির মধ্যে থাকা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের শনাক্ত করে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। দলের ভেতরে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে ঘোষিত পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। অতীতের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে জনগণের স্বার্থে কাজ করার ওপর জোর দেন তিনি।

নাগরিক সভায় এনসিপির নেতারা

সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আদীব আরিফ, শ্রমিক শক্তির সদস্যসচিব ঋজু মোর্শেদ এবং কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা এনসিপির সদস্যসচিব সবুজ তালুকদার। এ ছাড়া জেলা যুবশক্তির আহ্বায়ক কাউসার, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইয়াসিন এবং নারীশক্তি ও শ্রমিকশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

সভায় বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, নিয়োগ-বাণিজ্য ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা মোকাবিলায় প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, রাজনৈতিক দলগুলোর জবাবদিহি বাড়ানো এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানান তাঁরা।

সর্বশেষ