ভারতের কাছ থেকে অধিকার ও ন্যায্য হিস্যা বুঝে নিতে চাই: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক :
spot_img

গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে ভারতের কাছ থেকে বাংলাদেশের ন্যায্য হিস্যা বুঝে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে জাতীয়তাবাদের দাবিদারদের বাংলাদেশের স্বার্থ রক্ষায় নিজেদের অবস্থান প্রমাণ করার আহ্বান জানিয়েছেন তিনি।

- Advertisement -

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় মাদারীপুর সদর উপজেলার শকুনি লেকপাড় মুক্তমঞ্চে এনসিপি আয়োজিত এক প্রতিবাদী সভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ এবং চাকরিতে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।

ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিয়ে বক্তব্য

সভায় গঙ্গা চুক্তির প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, এ বছর গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে। এ পরিস্থিতিতে ভারতের কাছ থেকে বাংলাদেশের ন্যায্য হিস্যা বুঝে নিতে চান তাঁরা।

তিনি আরও বলেন, যারা নিজেদের জাতীয়তাবাদী হিসেবে পরিচয় দেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ কতটা রক্ষা করতে পারছেন, তা তাঁদের প্রমাণ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের আন্ডারটেবিল সমঝোতা রয়েছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

দেশি-বিদেশি নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বক্তব্যে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে নিউইয়র্কে ঘটে যাওয়া একটি ঘটনার প্রসঙ্গও তুলে ধরেন এনসিপির আহ্বায়ক।

নাহিদ ইসলাম বলেন, নিউইয়র্কে পতিত স্বৈরাচারের কিছু সদস্য ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করেছেন। দেশের জনগণকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ নিরাপত্তা দিতে পারছেন না বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি বিদেশে নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

এসব ঘটনার নিন্দা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বিভাজন নয়, ঐক্যের রাজনীতির কথা এনসিপির

সভায় দেশের প্রচলিত রাজনৈতিক ধারার পরিবর্তে নতুন ধরনের রাজনীতির প্রত্যাশার কথা তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি বলেন, মানুষ অতীতে অনেক সরকার ও রাজনৈতিক দল দেখেছে। তবে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা এনসিপি নতুন দিনের রাজনীতি করতে চায়।

তিনি আরও বলেন, এনসিপি বিভাজনের রাজনীতি নয়, বরং ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করে। দেশের মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং নতুন রাজনৈতিক ধারা গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির মাদারীপুর জেলা সভাপতি মনিরুল ইসলাম তুষার। এতে মাদারীপুর সদর, শিবচর, ডাসার ও কালকিনিসহ বিভিন্ন এলাকার ছাত্রশক্তি, যুবশক্তি এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সর্বশেষ