সরকারের পাঁচ বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করে পরবর্তী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে নিজেদের মতামত জানাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণই নির্বাচনে তার জবাব দেবে। তাই ঘন ঘন আন্দোলন করে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা না করে নির্বাচনের জন্য অপেক্ষা করা উচিত।
বুধবার (২১ অক্টোবর) বরিশাল শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত জিয়া মঞ্চের বরিশাল বিভাগীয় সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে। তাঁর দাবি, দেশের বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে যাওয়ার ফলে অর্থনীতিকে নানা সংকটের মধ্য দিয়ে এগোতে হচ্ছে। এ পরিস্থিতিতে দেশ পুনর্গঠনের কাজে সরকারকে সময় দেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, বিরোধী পক্ষের লং মার্চসহ বিভিন্ন কর্মসূচি সরকারের পুনর্গঠন কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। লং মার্চের মাধ্যমে দেশের পরিস্থিতিতে প্রকৃত পরিবর্তন আনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
দেশের বিদ্যুৎ সংকট প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে আগামী তিন বছরের জন্য করছাড় দিয়েছেন। এই সুযোগ যথাযথভাবে কাজে লাগানো গেলে এক বছরের মধ্যে বিদ্যুতের ঘাটতি পূরণ করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।
বিএনপির রাজনৈতিক ভূমিকা তুলে ধরে চিফ হুইপ বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে জুলুম-নির্যাতন ও নানা প্রতিকূলতা মোকাবিলা করে ফ্যাসিবাদী সরকারের পতনে নেতৃত্ব দিয়েছে বিএনপি। এরপর ভঙ্গুর অর্থনীতি ও বিভিন্ন সংকটের মধ্যে দেশের দায়িত্ব নিয়ে বর্তমান সরকার পুনর্গঠনের কাজ শুরু করেছে।
তিনি জানান, সাধারণ ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটানোর চেষ্টা চলছে।
চিফ হুইপের মতে, দেশের চলমান সংকট মোকাবিলা এবং অর্থনীতি পুনর্গঠনে সরকারকে কাজ করার সুযোগ দেওয়া জরুরি। সরকারের কর্মকাণ্ডের চূড়ান্ত মূল্যায়ন জনগণ পরবর্তী নির্বাচনে ভোটের মাধ্যমেই করবে।
সম্মেলনে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর থেকে আসা বিএনপির নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

