মো.মোক্তার হোসেন বাবু:চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় একটি ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ট্রাকের চালক মো. রুহুল আমিনকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপপুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম।
গ্রেপ্তার রুহুল আমিন পাবনা জেলার আতাইকুলা থানার আতাইকুলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধর্মগ্রাম খন্দকার বাড়ির মৃত সোহরাব আলীর ছেলে।
সংবাদ ব্রিফিংয়ে শেখ শরীফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কক্সবাজার থেকে একটি ট্রাকে করে মাদক নিয়ে চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকা হয়ে সাগরিকার দিকে যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ডবলমুরিং থানার মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীত পাশে চেকপোস্ট স্থাপন করা হয়।
পরে রাত সোয়া ২টার দিকে সন্দেহভাজন ট্রাকটি চেকপোস্টে পৌঁছালে পুলিশ সেটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ট্রাকের চালক রুহুল আমিনকে আটক করা হয়।
ডিবির এই কর্মকর্তা আরও জানান, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চালক ট্রাকের পাটাতনের নিচে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বারে ইয়াবা রাখা হয়েছে বলে জানান। পরে তাঁর দেখানো স্থান থেকে এবং তাঁর সহযোগিতায় চেম্বারটি খুলে ৩ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
মাদক পরিবহনে ব্যবহৃত যশোর-ট-১১-২৫৬৩ নম্বরের ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার চালকের বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

