‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের দেওয়া বক্তব্যকে অনুচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইজিপি সহজ-সরল মানুষ। আইনের কঠোর প্রয়োগের প্রসঙ্গ তুলতে গিয়ে অসতর্কতাবশত এমন কথা বলেছেন। তবে তাঁর এ বক্তব্য ঠিক হয়নি।
মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে সোমবার রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি অনুষ্ঠানে আইজিপি আলী হোসেন ফকির বলেছিলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করা হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ তাদের ফ্যাসিস্ট বলে আখ্যা দেয়, আবার দায়িত্ব পালনে নিষ্ক্রিয় থাকলে দুর্বল মনে করে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দেওয়ার প্রয়োজন রয়েছে।
আইজিপির ওই বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে গিয়ে তিনি অসতর্কতাবশত কথাটি বলেছেন। তবে এমন বক্তব্য দেওয়া উচিত হয়নি।
সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে বলেন, সরকার ক্রসফায়ার সমর্থন করে না এবং কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটতে দেবে না। এ বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পাশাপাশি পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাও সরকার কোনোভাবেই সহ্য করবে না।
তিনি আরও বলেন, অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। তবে এসব পদক্ষেপ অবশ্যই আইনসম্মত উপায়ে গ্রহণ করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

