সিরাজগঞ্জে মহাসড়কে পুলিশভ্যানের সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের ঘটনায় পুলিশের চার সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে রয়েছেন যমুনা সেতু পশ্চিম থানার একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তিনজন কনস্টেবল।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে সিরাজগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সানতু এ তথ্য নিশ্চিত করেন।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন—যমুনা সেতু পশ্চিম থানার এএসআই মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, গাড়িচালক কনস্টেবল আব্দুল গফুর এবং কনস্টেবল নাসিমুজ্জামান ও মোরশেদুল ইসলাম।
পুলিশ সুপার জানান, নিষিদ্ধ সংগঠনের বিক্ষোভ মিছিলের সময় ঘটনাস্থলে পুলিশের একটি গাড়ি দেখা গেছে। সেখানে দায়িত্ব পালনকালে কোনো পুলিশ সদস্যের অবহেলা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশভ্যানে থাকা চার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২৮ অক্টোবর) ভোরে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন যুবলীগের নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটির নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করেন।
মিছিলের ভিডিও ও ছবি পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অ্যাকাউন্ট থেকে এসব ছবি ও ভিডিও প্রচার করা হয়। এমনকি আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজেও মিছিলের ছবি প্রকাশ করা হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা আলোচনায় আসে।
অন্যদিকে, ওই বিক্ষোভ মিছিলের পর বুধবার রাতে সিরাজগঞ্জ ও কামারখন্দ থানা পুলিশ পৃথক অভিযান চালায়। অভিযানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

