ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে পারমাণবিক বোমা তৈরির অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সংসদ সদস্য মাহমুদ নাবাভিয়ান। তার দাবি, এ বিষয়ে জনগণের মধ্যেও সমর্থন রয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পারমাণবিক অস্ত্র তৈরির অনুমতি দেওয়ার জন্য সর্বোচ্চ নেতার প্রতি আহ্বান জানান নাবাভিয়ান। তিনি জানান, সম্প্রতি কোম শহরে আয়োজিত একটি সমাবেশে বিষয়টি তুলে ধরেছিলেন। সেখানে উপস্থিত জনতাও তার প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে বলে দাবি করেন এই সংসদ সদস্য।
ইরানের পারমাণবিক নীতিতে পরিবর্তন আনার দাবি দেশটির কয়েকজন আইনপ্রণেতার মধ্যে জোরালো হওয়ার সময় নাবাভিয়ানের এই বক্তব্য সামনে এলো। দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্রের বিরোধিতা করে আসছে তেহরান। দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করে ধর্মীয় ফতোয়া দিয়েছিলেন। একই সঙ্গে ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
এদিকে, গত সেপ্টেম্বরে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি বলেছিলেন, পারমাণবিক অস্ত্র নিষিদ্ধের ধর্মীয় নির্দেশের প্রতি তেহরানের প্রতিশ্রুতি এখনো বহাল রয়েছে। এ বিষয়ে ইরানের নীতিতে কোনো পরিবর্তন আসেনি।
তবে ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে যাবে, তা নিয়ে অনিশ্চয়তার কথাও জানিয়েছিলেন তিনি। তার ভাষায়, ‘কিন্তু ভবিষ্যতে কী ঘটবে, তা আমরা জানি না।’

