‘জান্নাতের টিকিট দেখিয়ে ভোট পাওয়ার দিন শেষ’, জামায়াতকে রাশেদ খাঁনের কটাক্ষ

নিজস্ব প্রতিবেদক :
spot_img

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মির্জা ফয়সল আমীনের বিজয়ের প্রসঙ্গ টেনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, ধর্মীয় আবেগ ও ‘জান্নাতের টিকিট’ দেখিয়ে ভোট আদায়ের দিন শেষ হয়ে গেছে। জনগণের কাছে জামায়াতকে আর ইসলামী দল হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না।

- Advertisement -

বৃহস্পতিবার (২৯ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ফলাফলে প্রমাণ হয়েছে, জামায়াতের ‘জান্নাতের টিকিট’ আর মানুষের ভোট পাওয়ার ক্ষেত্রে কার্যকর হবে না। একই সঙ্গে বিজয়ী প্রার্থী মির্জা ফয়সল আমীনকে অভিনন্দন জানান তিনি।

জামায়াতের নেতাদের ব্যক্তিগত জীবন ও কর্মকাণ্ড নিয়েও নানা অভিযোগ তুলে ধরেন রাশেদ খাঁন। তার দাবি, দলটির বিভিন্ন নেতার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। ধর্মীয় বিষয়, রাজনৈতিক অবস্থান এবং হিন্দু সম্প্রদায়ের ভোটের রাজনীতি নিয়েও দলটির সমালোচনা করেন তিনি।

এ ছাড়া শহীদ আবরার ফাহাদের হত্যা মামলার আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ, ভারতবিরোধী বক্তব্য এবং ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের অভিযোগ তুলে জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

স্ট্যাটাসে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেকের একটি মন্তব্যের প্রসঙ্গও উল্লেখ করেন রাশেদ খাঁন। তার দাবি, জামায়াতে ইসলামীতে যোগদানকারীদের পথভ্রষ্ট বলে মন্তব্য করেছেন ওই খতিব। এ প্রসঙ্গ টেনে জামায়াতের ধর্মীয় অবস্থানের সমালোচনা করেন তিনি।

এ সময় মুফতি আব্দুল মালেকের বক্তব্যের জবাবে ওয়াজের মঞ্চে আমির হামজা ও তারেক মনোয়ারের মতো বক্তাদের ব্যবহার করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি করা সম্ভব হলেও সাধারণ মানুষের কাছে জামায়াতকে ইসলামী দল হিসেবে প্রতিষ্ঠা করা যাবে না বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন।

স্ট্যাটাসের শেষ দিকে জামায়াতের শরিয়াহ আইন প্রতিষ্ঠার অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাশেদ খাঁনের অভিযোগ, বিদেশিদের সঙ্গে বৈঠকে ক্ষমতায় গেলে শরিয়াহ আইন প্রতিষ্ঠার বিষয়ে দলটির অবস্থান নিয়ে ভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে। এ ধরনের অবস্থানের কারণে জামায়াতকে প্রকৃত ইসলামী দল হিসেবে বিবেচনা করা যায় না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

সর্বশেষ