শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের পতেঙ্গা আউটপোস্টের সদস্যরা সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালান।
এ সময় বোটটিতে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা প্রায় ৪০ হাজার কেজি সিমেন্ট পাওয়া যায়। পরে সিমেন্টসহ কার্গো বোটটি জব্দ করা হয় এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আটজনকে আটক করেন কোস্ট গার্ড সদস্যরা।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত কার্গো বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

