প্রধানমন্ত্রীর জাপান সফরের বিমানে ত্রুটি, কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক :
spot_img

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্তের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ত্রুটির প্রকৃত কারণ ও ধরন খুঁজে বের করতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

- Advertisement -

শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডোর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

গঠিত কমিটিতে বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সদস্য হিসেবে রয়েছেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রডাকশন) এবং ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)। এ ছাড়া ব্যবস্থাপক (আইন বিষয়ক) কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে বিমানের যেকোনো কর্মকর্তাকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার ক্ষমতাও দেওয়া হয়েছে।

অফিস আদেশে তদন্ত কমিটিকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে উড়োজাহাজে দেখা দেওয়া কারিগরি সমস্যার প্রকৃত কারণ ও ধরন শনাক্ত করা, উড্ডয়নের উপযোগিতা নিশ্চিত করতে কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপ যাচাই করা এবং যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট বিলম্ব, যাত্রীদের ভোগান্তি ও বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর কী ধরনের প্রভাব পড়েছে, তা নিরূপণ করা।

এ ছাড়া তদন্তের ফলাফল উল্লেখ করে আগামী চার কার্যদিবসের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। অফিস আদেশ অনুযায়ী, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রার প্রস্তুতিকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৭ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে নির্ধারিত সময়ের তুলনায় ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হয়। ওই ঘটনার পরই ত্রুটির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় বিমান কর্তৃপক্ষ।

সর্বশেষ