ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ফলাফল বিরোধী দলের জনসমর্থন কমে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, নির্বাচনের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের মানুষ বিরোধী দলগুলোর জনপ্রিয়তা সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।
শনিবার (৩১ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ের টাঙন ব্যারেজে আয়োজিত মাছ ধরার উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর আট মাসে কী করেছে, আর কী করতে পারেনি, তা জনগণ নিজেদের অভিজ্ঞতা দিয়ে মূল্যায়ন করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের উন্নয়নে যেসব উদ্যোগ নিচ্ছে, সেগুলোও সাধারণ মানুষের নজরে রয়েছে। অন্যদিকে, যারা বর্তমানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে, অতীতেও তারা বিভিন্ন সময়ে লংমার্চ ও রোডমার্চ করেছে। তবে উপনির্বাচনের ফলাফলে জনগণ তাদের প্রতি সমর্থনের বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী প্রায় ১ লাখ ৩০ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। অন্যদিকে বিরোধী দলের প্রার্থী পেয়েছেন অনেক কম ভোট। এই ফলাফল থেকে বোঝা যায়, বিরোধী দলগুলোর অতীত কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে তাদের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে।
সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশজুড়ে খাল ও নদী খননের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্পের অগ্রগতি প্রধানমন্ত্রী নিজেই তদারকি করছেন। উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণকমল সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

