বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জাহাজগুলোর আগের নাম বাদ দিয়ে ভিন্ন পাঁচটি নাম নির্ধারণ করা হয়েছে। পরিবর্তিত নামের তালিকায় রয়েছে মহান মুক্তিযুদ্ধের অন্যতম চার জাতীয় নেতার নামে থাকা জাহাজও। পাশাপাশি ‘জয় বাংলা’ নামটিও পরিবর্তন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ কোস্টগার্ডের পাঠানো প্রস্তাব পর্যালোচনা শেষে মন্ত্রণালয় এ অনুমোদন দিয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ‘বিসিজিএস জয় বাংলা’ (পিসি ২০৮)-এর নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’। ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ (পিএল ৭১) এখন থেকে পরিচিত হবে ‘বিসিজিএস ফিরোজ কবীর’ নামে। একইভাবে ‘বিসিজিএস তাজউদ্দীন’ (পিএল ৭২)-এর নতুন নাম হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম’।
অন্যদিকে ‘বিসিজিএস মনসুর আলী’ (পিএল ৭৩)-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’। আর ‘বিসিজিএস কামরুজ্জামান’ (পিএল ৭৪)-এর নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসরিকা হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোস্টগার্ডের প্রস্তাব যথাযথভাবে পর্যালোচনা করে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হন বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের চার গুরুত্বপূর্ণ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামান। ইতিহাসে দিনটি জেলহত্যা দিবস হিসেবে পরিচিত।
১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দি থাকাকালে এই চার নেতা মুজিবনগর সরকার গঠন ও পরিচালনার দায়িত্ব পালন করেন। তাদের রাজনৈতিক ও সাংগঠনিক নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালনা, আন্তর্জাতিক সমর্থন অর্জন, শরণার্থীদের সহায়তা এবং স্বাধীন বাংলাদেশের প্রশাসনিক কাঠামো গড়ে তোলার কার্যক্রম এগিয়ে যায়।
স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখা জাতীয় চার নেতার নামেই এতদিন কোস্টগার্ডের চারটি জাহাজের নামকরণ করা হয়েছিল। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেই নামগুলো পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পথে এগোল

