শত্রুপক্ষের রাডারব্যবস্থা থেকে নির্গত সংকেত শনাক্ত করে সেগুলোর অবস্থান নির্ণয় এবং সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরিতে উল্লেখযোগ্য সাফল্য পাওয়ার দাবি করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা বিশেষজ্ঞরা যুদ্ধক্ষেত্রের চাহিদা বিবেচনায় এ ধরনের অত্যাধুনিক অস্ত্র তৈরির কাজ এগিয়ে নিচ্ছেন। এ ক্ষেত্রে ‘হরমুজ’ নামের একটি ক্ষেপণাস্ত্রের সক্ষমতার কথাও তুলে ধরেছে তেহরান।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ বাহিনীর প্রধানের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলি বালালি এ তথ্য জানিয়েছেন। দেশটির সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আলি বালালি বলেন, হরমুজ ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের রাডার থেকে আসা সংকেত শনাক্ত করতে পারে। এরপর সেই সংকেতের উৎস অনুসরণ করে সংশ্লিষ্ট রাডারব্যবস্থাকে লক্ষ্যবস্তুতে পরিণত করার সক্ষমতা রয়েছে এ ক্ষেপণাস্ত্রের।
তিনি আরও জানান, রাডার সংকেতের মাধ্যমে লক্ষ্য শনাক্ত করে আঘাত হানতে পারে—এমন অস্ত্র তৈরিতে ইরানি বিজ্ঞানী ও প্রকৌশলীরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। তার দাবি, এই সাফল্য ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির বিকাশে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেশটি শুধু অন্যের তৈরি অস্ত্রের অনুকরণ করছে না, বরং সামরিক প্রয়োজন অনুযায়ী নিজস্ব নকশায় নতুন অস্ত্র উদ্ভাবনেও সক্ষম হচ্ছে।
এর আগে গত ৮ নভেম্বর আলি বালালি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে জব্দ করা বিভিন্ন সামরিক সরঞ্জাম নিয়ে গবেষণা করছেন ইরানের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এসব সরঞ্জামের কার্যপ্রণালি বিশ্লেষণ করে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নিজস্ব সামরিক প্রযুক্তির উন্নয়নে কাজ চলছে।
বালালির ভাষ্য অনুযায়ী, আইআরজিসির প্রয়াত কমান্ডার হাসান তেহরানি-মোকাদ্দামের সময় থেকেই শত্রুপক্ষের কাছ থেকে সংগ্রহ করা সামরিক সরঞ্জাম বিশ্লেষণ ইরানের প্রতিরক্ষা কর্মসূচির অংশ। সেই কার্যক্রম এখনো চলমান। দেশটির প্রতিরক্ষা শিল্পের অভিজ্ঞ বিশেষজ্ঞদের পাশাপাশি তরুণ প্রকৌশলীরাও এসব প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন।
সূত্র: আল জাজিরা

