মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নির্দেশনা, সময় বাড়াল বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগের নির্ধারিত ১৫ নভেম্বরের পরিবর্তে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত মাপ, রং ও উপকরণ অনুসরণ করে নম্বরপ্লেট লাগাতে হবে। এ ক্ষেত্রে স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের জন্য আলাদা মাপ নির্ধারণ করেছে সংস্থাটি।

- Advertisement -

বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এবং ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’-এর বিধান অনুসারে মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ নির্দেশনা কার্যকর করতে মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে হবে।

বিআরটিএর নির্ধারিত নির্দেশনায় বলা হয়েছে, স্কুটারের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে।

উভয় ধরনের নম্বরপ্লেটে বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। নম্বরপ্লেট তৈরিতে ব্যবহার করতে হবে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম। এর পটভূমি সাদা এবং অক্ষর ও সংখ্যা কালো রঙের হতে হবে।

নম্বরপ্লেটে অতিরিক্ত কোনো নকশা, শোভাবর্ধক উপাদান বা সাজসজ্জা রাখা যাবে না। এ ছাড়া স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর একটি আনুভূমিক রেখায় লিখতে হবে। যেমন—ঢাকা মেট্রো-ল-০০-০০০০।

বিআরটিএ জানিয়েছে, মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর জন্য আগে ১৫ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। মোটরসাইকেল মালিকদের সুবিধার্থে নতুন সিদ্ধান্তে সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে বিআরটিএর নির্দেশনা অনুসরণ করে নম্বরপ্লেট সংযোজনের জন্য সংশ্লিষ্ট সব মোটরসাইকেল মালিককে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

সর্বশেষ