রক্তের দাগ শুকায়নি, ফ্যাসিস্টদের ফের সক্রিয় হওয়ার চেষ্টা: ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

২০২৪ সালের আন্দোলনে ঝরানো রক্ত ও স্বজন হারানো পরিবারের শোক এখনো কাটেনি। এর মধ্যেই পলাতক ফ্যাসিবাদী শক্তি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি অভিযোগ করেছেন, প্রতিবেশী দেশ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার তৎপরতা চালানো হচ্ছে।

- Advertisement -

বুধবার (১১ নভেম্বর) সকালে রাজধানীতে বাংলা একাডেমি আয়োজিত ‘তারুণ্যের ইশতেহার’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

কায়সার কামাল বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে প্রাণ হারানো মানুষের স্বজনদের কান্না এখনো থামেনি। রাজপথে রক্তের দাগও পুরোপুরি মুছে যায়নি। এখনো সংশ্লিষ্ট অপরাধের বিচার প্রক্রিয়া শেষ হয়নি। এমন পরিস্থিতিতে ফ্যাসিবাদী শক্তির পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি বলেন, ‘ফ্যাসিজম এখন ভারত থেকে উঁকি দিচ্ছে। রক্তের দাগ এখনো শুকায়নি, মায়ের আহাজারি এখনো থামেনি, বিচার এখনো সমাপ্ত হয়নি। অথচ ফ্যাসিস্টরা আবারও সিগন্যাল দিচ্ছে। আমাদের তো লজ্জা হওয়া উচিত। আজ কেন তরুণ প্রজন্ম এখনো ঘরে বসে আছে।’

ডেপুটি স্পিকার আরও বলেন, দেশের মানুষ কোনোভাবেই ফ্যাসিবাদের পুরোনো উপাদান কিংবা স্বৈরাচারী শাসনব্যবস্থার পুনরাবৃত্তি দেখতে চায় না। অতীতে ফ্যাসিবাদী শাসনের কারণে দেশ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়েছিল। ২০২৪ সালে তরুণদের নেতৃত্বে গণআন্দোলনের মধ্য দিয়ে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে।

তিনি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে তরুণ সমাজসহ সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে সবাইকে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ