টেকনাফে যুবলীগের মশাল মিছিল ঘিরে বিজিবি-পুলিশের ওপর হামলা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক :
spot_img

কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মশাল মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় বিজিবির টহল দলের একটি পিকআপে ভাঙচুর চালানো হয়। হামলায় বিজিবির এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে বিজিবি ও পুলিশ।

- Advertisement -

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার ওলিয়াবাদ মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার বিকেলে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়ার ফজল আহাম্মদের ছেলে খোরশেদ আলম (২৫), জাফর আলমের ছেলে আকিব (২২) এবং মার্কিন মিয়ার ছেলে আব্দুল গফুর (১৯)।

বিজিবি জানায়, এলাকায় হামলার খবর পেয়ে বিশেষ টহল দল ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় বিজিবির একজন সদস্য আহত হন। পাশাপাশি টহল দলের পিকআপের পেছনের দরজাসহ তিনটি গ্লাস ভাঙচুর করা হয়।

ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও আটকের জন্য বিজিবি ও পুলিশ যৌথ অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় রাত ১১টা ৫৫ মিনিটের দিকে হামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবি, পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অভিযান অব্যাহত রয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজিবি আরও জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ