ইরান ও আর্জেন্টিনার মধ্যে কূটনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এবার আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে তেহরান। গত এপ্রিলে আর্জেন্টিনা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার পর পাল্টা ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পারস্পরিক পদক্ষেপ গ্রহণের নীতির আওতায় আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হবে। এ সিদ্ধান্তের পরিণতির জন্য আর্জেন্টিনা সরকারকেই দায়ভার নিতে হবে বলেও বিবৃতিতে সতর্ক করা হয়েছে।
তবে ইরানের বিবৃতিতে আর্জেন্টিনার স্থলবাহিনী বা সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি।
এর আগে গত এপ্রিলে আর্জেন্টিনা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। দেশটির অভিযোগ, লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে সহায়তা ও সমর্থন দিয়ে আসছে ইরানের এই বাহিনী। এ কারণে আইআরজিসির বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছিল বুয়েনস এইরেস।
আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বোমা হামলার ঘটনায় হিজবুল্লাহকে দায়ী করে আসছে দেশটির সরকার। ১৯৯৪ সালে রাজধানী বুয়েনস এইরেসে অবস্থিত ইহুদি সম্প্রদায়ের এএমআইএ কমিউনিটি সেন্টারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ৮৫ জন নিহত হন এবং আহত হন কয়েক শ মানুষ।
আর্জেন্টিনার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযোগ, ইরানের পৃষ্ঠপোষকতায় হিজবুল্লাহ ওই হামলা চালিয়েছিল। তবে এ অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক রয়েছে।
বিশ্লেষকদের মতে, আইআরজিসিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার পর ইরানের এই পাল্টা ঘোষণা দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। একই সঙ্গে লাতিন আমেরিকায় ইরানবিরোধী অবস্থান এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিরোধের প্রভাব আন্তর্জাতিক কূটনীতিতেও নতুন করে আলোচনার জন্ম দিতে পারে।
সূত্র: রয়টার্স

