ইউরোপের মার্কিন ঘাঁটিও ইরানের হামলার লক্ষ্যবস্তু হবে: মহসিন রেজায়ি

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

ইরানে নতুন করে সামরিক হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা আক্রমণের পরিধি আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এবার শুধু মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনাই নয়, ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিও ইরানের হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মহসিন রেজায়ি।

- Advertisement -

আল মায়াদিনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন। একই সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন আলোচনা চলার খবর অস্বীকার করার পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য তেহরানের পক্ষ থেকে সাতটি শর্তের কথাও তুলে ধরেন তিনি।

মহসিন রেজায়ি বলেন, ইউরোপের কোনো দেশ, এমনকি ইতালির রোমসহ অন্য কোথাও অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালানো হলে সংশ্লিষ্ট ঘাঁটিগুলোও পাল্টা আক্রমণের আওতায় আসবে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় যেসব দেশের ঘাঁটি ব্যবহার করা হবে, সেগুলোকে তেহরান সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের বিষয়ে তিনি বলেন, বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে ইরানের কোনো প্রকাশ্য বা গোপন আলোচনা চলছে না। কাতার কিংবা অন্য কোনো স্থানে দুই দেশের প্রতিনিধিদের বৈঠকের খবরও নাকচ করেন তিনি। রেজায়ির অভিযোগ, অর্থনৈতিক চাপ কমানো এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র এ ধরনের খবর ছড়াচ্ছে।

তার ভাষ্য অনুযায়ী, ইরান ইতোমধ্যে নিজেদের চূড়ান্ত শর্ত যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছে। এখন ওয়াশিংটনের কাছ থেকে স্পষ্ট জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সম্ভাব্য বৈঠকের বিষয়টিও তিনি প্রত্যাখ্যান করেন।

আগের কূটনৈতিক উদ্যোগের প্রসঙ্গ টেনে রেজায়ি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র বারবার চুক্তি ও প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। জেনেভায় আলোচনা চলার পরও মার্কিন আগ্রাসনের ঘটনা এবং ইসলামাবাদে চুক্তি স্বাক্ষরের পর সেটি বাতিল করার অভিযোগ তুলে তিনি বলেন, ওয়াশিংটনের ওপর আস্থা রাখার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে কূটনৈতিক সমাধানের পথ এখনো পুরোপুরি বন্ধ করেনি ইরান।

হরমুজ প্রণালি নিয়ে নিজের দেশের অবস্থান ব্যাখ্যা করে রেজায়ি বলেন, ইরানের জনগণের অধিকার স্বীকৃত না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ খুলে দেওয়ার প্রশ্ন নেই। প্রণালি পুনরায় চালু করার জন্য তেহরান সাতটি শর্ত নির্ধারণ করেছে। যুক্তরাষ্ট্র সেসব শর্ত মেনে নিলেই কেবল এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। এ সংকট নিরসনে পাকিস্তান ও কাতার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে বলেও জানান তিনি। পাশাপাশি ইরাক ও সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকেও বার্তা এসেছে বলে উল্লেখ করেন।

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে রেজায়ি বলেন, পশ্চিম এশিয়ার নিরাপত্তা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বিশেষ করে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা ইরানের অন্যতম প্রধান দাবি। কোনো একটি দেশে সংঘাত তৈরি হলে তার প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি বর্তমানে আলোচনার মূল কেন্দ্রবিন্দু নয়। তবে সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো অংশই দেশের বাইরে পাঠানো হবে না। পারমাণবিক শক্তিচালিত জাহাজ, সাবমেরিন এবং ক্ষুদ্র মডুলার রিয়্যাক্টর তৈরির পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। তার দাবি, আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির আওতায় ইরানের যেসব অধিকার রয়েছে, সেগুলো বজায় রাখতে চায় তেহরান।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সক্ষমতা নিয়েও মন্তব্য করেন রেজায়ি। তার দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যাওয়ার রাজনৈতিক সক্ষমতা কমে এসেছে। তাদের সামরিক পরিকল্পনা এখন সীমিত সময়ের অভিযানের মধ্যেই আবদ্ধ। ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ হামলার পরিকল্পনাকেও তিনি রাজনৈতিক নাটক হিসেবে আখ্যা দেন।

যুদ্ধের ময়দানে ইরানের সামরিক সাফল্যের দাবি তুলে রেজায়ি বলেন, দেশটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একাধিক অত্যাধুনিক যুদ্ধবিমান ও ড্রোনকে লক্ষ্যবস্তু করেছে। প্রায় ২০০টি উন্নত ড্রোন ভূপাতিত করার পাশাপাশি কিছু মার্কিন ড্রোনের নিয়ন্ত্রণ নেওয়া এবং অত্যাধুনিক সামরিক সরঞ্জাম জব্দ করার দাবিও করেন তিনি। তবে এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য সাক্ষাৎকারে তুলে ধরা হয়নি।

এদিকে মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত প্রতিরোধ সংগঠনগুলোর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, হিজবুল্লাহ ও হামাসের প্রতিরোধ ইসরায়েলের সামরিক পরিকল্পনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক ও ইরানকে নিয়ে একটি সমন্বিত উপসাগরীয় জোট গঠনের প্রস্তাব দেন তিনি।

রাশিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়ে রেজায়ি জানান, সম্প্রতি মস্কো সফরে ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছেন তিনি। সেখানে দুই দেশের কৌশলগত সহযোগিতা, উত্তর-দক্ষিণ পরিবহন করিডোর এবং বিদ্যুৎ ও গ্যাস খাতে অংশীদারত্ব জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান।

সাক্ষাৎকারের শেষদিকে নিজের সামরিক পোশাক পরার কারণ ব্যাখ্যা করেন আইআরজিসির সাবেক এই প্রধান। তিনি বলেন, দীর্ঘদিন অর্থনীতি ও রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমান পরিস্থিতিতে দেশের সামরিক দায়িত্ব ও পুরোনো শপথের কথা স্মরণ করে আবারও সামরিক পোশাকে ফিরেছেন।

সূত্র: আল মায়াদিন

সর্বশেষ